বাগেরহাটের মোরেলগঞ্জে ৩০ হাজার টাকার বিনিময়ে ১৫ মাস বয়সী এক শিশুকে অন্যের কাছে হস্তান্তরের অভিযোগের ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে শিশুটিকে গ্রহণ করা দম্পতির কাছ থেকে নেওয়া ৩০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুটিকে আপাতত তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ইউএনওর বাসভবনে শিশুটির মা ও শিশুটিকে গ্রহণকারী পক্ষকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় উভয় পক্ষই ৩০ হাজার টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেন।
জানা গেছে, গত ১১ নভেম্বর স্থানীয় বাসিন্দা নাছির শিকদারের স্ত্রী হালিমা বেগমের সহযোগিতায় শিশুটিকে মোংলা এলাকার নুরজাহান বেগম ও তাঁর স্বামী শহিদুলের কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে হস্তান্তর করা হয়।
জিজ্ঞাসাবাদে শিশুটিকে অন্যের কাছে দেওয়ার কারণ জানতে চাইলে তার মা আনিকা আক্তার জানান, স্বামীর সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। ফলে শিশুর ভরণপোষণ চালানো তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি অসুস্থতার কারণে চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন ছিল। এসব পরিস্থিতি বিবেচনা করেই তিনি শিশুটিকে অন্যের কাছে দিয়েছেন এবং নিজের চিকিৎসার জন্য কিছু টাকা চেয়েছিলেন। তবে শিশুটিকে গ্রহণকারী নুরজাহান বেগম এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
শিশুটির নানা পলাশ শেখ জানান, তিনি নিজেও অসুস্থ। পরিবারের ভরণপোষণ চালাতে তাঁকে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে মেয়ের পাশাপাশি তার দুই শিশুর দায়িত্ব পালন করাও তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। আর্থিক সংকটের কারণেই তাঁরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটিকে নিজের কাছে রাখতে অনিচ্ছা প্রকাশ করেন মা আনিকা আক্তার। পরে শিশুটির আপাতত ভরণপোষণের ব্যবস্থা করে তাকে মায়ের জিম্মায় দেন ইউএনও। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ জানান, শিশুটির মা তাকে নিজের কাছে রাখতে আগ্রহী নন। তাই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী সময়ে শিশুটিকে নিরাপদ আশ্রয়ে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।
এদিকে, ঘটনার বিষয়ে উভয় পক্ষের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে। আপাতত তাঁদের ছেড়ে দেওয়া হলেও টাকার বিনিময়ে শিশুটিকে হস্তান্তরের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে অন্যের কাছে হস্তান্তরের অভিযোগটি স্থানীয়ভাবে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা।