মো:মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

আদমদিঘী ছাতিয়ানগ্রামে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জিকো

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নে আগাম প্রচারণা ও নির্বাচনী আলোচনা জমে উঠেছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে আলোচনায় এসেছেন রাজনৈতিক পরিবারের সন্তান মিজানুর রহমান জিকো। উচ্চশিক্ষা, আন্তর্জাতিক কর্মঅভিজ্ঞতা, প্রযুক্তিগত জ্ঞান ও পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যকে সঙ্গে নিয়ে তিনি ইউনিয়নজুড়ে নিজের অবস্থান তুলে ধরছেন।

ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ এবং স্থানীয় সমস্যার খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন তিনি। জিকোর দাদা প্রয়াত আব্দুল মজিদ তালুকদার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে রাজনৈতিক জীবন শুরু করে পরবর্তী সময়ে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর চাচা আব্দুল মোমেন তালুকদারও একই আসনের সংসদ সদস্য ছিলেন। আর তাঁর বাবা আব্দুল মহিত তালুকদার বর্তমানে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা ছাতিয়ানগ্রামসহ আশপাশের এলাকায় তাঁদের পরিচিতি ও সুনাম প্রতিষ্ঠা করেছে।

জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান জিকো। শিক্ষাজীবনের শুরু বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। পরবর্তী সময়ে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। সেখানে মেলবোর্নের RMIT University থেকে তথ্যপ্রযুক্তিতে স্নাতক এবং Victoria University থেকে মাল্টিমিডিয়ায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনেও রয়েছে তার আন্তর্জাতিক অভিজ্ঞতা। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার Telstra Corporation Ltd Faults & Technical Support বিভাগে কাজ করেন। পরবর্তী সময়ে একই প্রতিষ্ঠানে Customer Complaint Manager হিসেবে দায়িত্ব পালন করেন। দেশে ফিরে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকার The People’s University of Bangladesh কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি GM Aquaculture Ltd এবং GM Feedmill Ltd পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুধু তাই নয় রাজনীতির সঙ্গেও তাঁর সম্পৃক্ততা দীর্ঘদিনের ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার মেলবোর্ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বগুড়া জেলা যুবদলের সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী আইসিটি ফোরামের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ঐতিহ্যের উত্তরসূরি হিসেবে নিজেকে গড়ে তুলতে চান মিজানুর রহমান জিকো। তাঁর নম্র ও বিনয়ী আচরণ ইতোমধ্যে স্থানীয়দের মাঝে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর মধ্যে দাদা প্রয়াত আব্দুল মজিদ তালুকদারের ব্যক্তিত্বের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় আফাজ উদ্দিনসহ একাধিক ব্যক্তি জানান, পারিবারিক ঐতিহ্যের সঙ্গে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনও জরুরি। সেদিক থেকে জিকোর বিনয়ী আচরণ ও নম্রতায় আমরা মুগ্ধ। নতুন প্রজন্মের নেতৃত্বে ছাতিয়ানগ্রাম ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে আমাদের এমনটাই প্রত্যাশা।

এ বিষয়ে জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো জানান, জনগণের সেবাই হবে আমার প্রধান লক্ষ্য। আমার দাদা, চাচা ও বাবাকে দেখেছি মানুষের ভালোবাসা ও আস্থা নিয়ে জনসেবা করতে। তবে জিকোর রাজনৈতিক আগ্রহের একটি বিশেষ দিক রয়েছে। ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার স্বপ্ন দেখছেন বলে জানা গেছে। তাঁর এই আগ্রহের পেছনে রয়েছে দাদার রাজনৈতিক স্মৃতি, ছাতিয়ান গ্রামের মানুষের প্রতি ভালোবাসা এবং এলাকার উন্নয়নে কাজ করার আকাঙ্ক্ষা।

তাঁদের সেই আদর্শ ও পথ অনুসরণ করেই আমিও মানুষের আস্থার প্রতীক হতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবসময় পাশে থাকতে চাই। এ জন্য সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। বর্তমানে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।