মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মির্জাগঞ্জে পৃথক দুই অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পটুয়াখালীর মির্জাগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে মির্জাগঞ্জ থানা পুলিশের একাধিক অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া এলাকার কলাগাছিয়া আছমতিয়া এনতেজিয়া দাখিল মাদ্রাসার সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মো. শাহিন খান (৩৭)-এর হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে পুলিশ।

একই দিন অপর একটি অভিযানে মির্জাগঞ্জ থানাধীন মির্জাগঞ্জ এলাকার ২ নম্বর ওয়ার্ডে মো. আরিফ হোসেনের বাড়ির একচালা টিনের ছাপড়া ঘরে অভিযান চালানো হয়। এ সময় পটুয়াখালী সদর থানার কালিচন্না ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রমজান হাওলাদার (৩০)-এর হেফাজত থেকে আরও ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

পৃথক দুটি অভিযানে গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।