মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল, কয়েক হাজার নেতাকর্মীর ঢল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পটুয়াখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় পৌর শহরের ঝাউতলা ফোরলেন সড়কে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর সমাগম ঘটে। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিটি বড় ধরনের সাংগঠনিক উপস্থিতিতে রূপ নেয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। এতে বক্তব্য দেন জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সিনিয়র সহসভাপতি আল আমিন সুজন, সহসভাপতি নুরুল ইসলাম লিটন গাজী, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিমাইনুল ইসলাম রিমু, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী এবং যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার রাজনীতির বিরুদ্ধে রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মানুষের অধিকার রক্ষায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন দুমকি, গলাচিপা, বাউফল, কলাপাড়া, মির্জাগঞ্জসহ পটুয়াখালীর সব উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন যুবদল কমিটির নেতৃবৃন্দও কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশ শেষে ঝাউতলা ফোরলেন সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি কোর্ট) হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় ঝাউতলা ফোরলেন সড়কে এসে শেষ হয়।

কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী জেলা যুবদল তাদের সাংগঠনিক শক্তি ও ঐক্যবদ্ধ অবস্থানের জানান দেয়।