​নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নান্দাইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাদ্দাম হোসেন। এছাড়াও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগী কৃষকরা এ সময় উপস্থিত ছিলেন।

​বক্তারা বলেন, ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে এবং দেশীয় উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের এই প্রণোদনা দিচ্ছে। বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার পেয়ে কৃষকরা সরিষা চাষে আরও উৎসাহিত হবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন বলে তারা আশা প্রকাশ করেন। উদ্বোধন শেষে তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে সরিষার বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়।