পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সরকারি খাসজমি দখল করে তরমুজ ও ধান চাষের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মো. জহিরুল ইসলাম লিমন হাওলাদারের বিরুদ্ধে। চাষাবাদে বাধা দেওয়ায় ধানখালী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. তরিকুল ইসলামকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে ওই বিএনপি নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নোমোরহাট বাজারে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এতে শতাধিক মানুষ অংশ নেন।
অভিযোগ রয়েছে, ভূমি কর্মকর্তাকে ফাঁসাতে তরমুজের চারা নষ্ট করে এর দায় তাঁর ওপর চাপানোর চেষ্টা করছেন লিমন হাওলাদারের লোকজন। বুধবার আমতলী উপজেলার ছোনাউডা এলাকায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় সূত্র ও ভূমি অফিস সূত্রে জানা গেছে, কলাপাড়া ও আমতলী উপজেলার সীমান্তবর্তী টিয়াখালী নদী ভরাট হয়ে শতাধিক একর জমি চাষাবাদের উপযোগী হয়েছে। এসব জমি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। শেখ হাসিনা সরকারের পতনের পর ওই জমির একটি অংশ আমতলীর হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিমন হাওলাদার ও তাঁর সহযোগীরা দখলে নিয়ে চাষাবাদ করছেন বলে অভিযোগ রয়েছে। গত দুই বছর ধরে তাঁরা ওই জমিতে ধান ও তরমুজ চাষ করে আসছেন। তবে জমির সরকারি বন্দোবস্ত নেওয়া হয়নি বলে দাবি ভূমি অফিসের।
গত ৯ নভেম্বর কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদিক সরেজমিনে জমি পরিদর্শন করে চাষাবাদে নিষেধাজ্ঞা দেন এবং লাল নিশান টানিয়ে দেন। একই সঙ্গে জমিতে থাকা ফসল সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এরপরও সরকারি নির্দেশনা উপেক্ষা করে ১১৯৯ নম্বর দাগের ৪০ একর জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ খবর পেয়ে বুধবার ধানখালী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে চাষাবাদে বাধা দেন। এ সময় বিএনপি নেতা লিমন হাওলাদার ও তাঁর সহযোগীরা তাঁকে অকথ্য ভাষায় গালাগাল ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন ওই কর্মকর্তা। তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
ধানখালী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘গত ৯ নভেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে জমি পরিদর্শন করে চাষাবাদে নিষেধাজ্ঞা দিয়ে লাল নিশান টানিয়ে দেন এবং জমিতে থাকা ফসল সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু বিএনপি নেতা জহিরুল ইসলাম লিমন হাওলাদার ও তাঁর লোকজন সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নিচ্ছেন। এসিল্যান্ড স্যারের নির্দেশনা অনুযায়ী চাষাবাদে বাধা দিলে তাঁরা আমাকে অকথ্য ভাষায় গালাগাল ও লাঞ্ছিত করেন।’
কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আলমগীর হাওলাদার বলেন, ‘জহিরুল ইসলাম লিমন হাওলাদারের নেতৃত্বে তাঁর লোকজন জোরপূর্বক জমি চাষাবাদ করেছেন। এতে বাধা দিলে তিনি ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত করেন।’
অভিযোগ অস্বীকার করে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মো. জহিরুল ইসলাম লিমন হাওলাদার বলেন, ভূমি কর্মকর্তাকে মারধর কিংবা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি চাষাবাদের অভিযোগ সত্য নয়। উল্টো ওই সরকারি কর্মকর্তা তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, বিষয়টি তিনি জেনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদিক বলেন, ধানখালী মৌজার সরকারি খাস খতিয়ানভুক্ত জমিতে চাষাবাদে নিষেধাজ্ঞা দিয়ে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা জমি চাষাবাদ ও ভূমি সহকারী কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।