​নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নান্দাইলে দলীয় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নেতাকর্মীদের সাথে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর মতবিনিময়

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) নান্দাইল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় এবং প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় পৌর বিএনপি এবং উপজেলার ১৩টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই দলীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

​প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেন, “নান্দাইলের মাটি ও মানুষের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর। জনগণের বিপুল সমর্থন ও ভালোবাসায় আমরা যে দায়িত্ব পেয়েছি, তা যথাযথভাবে পালন করতে হলে দলের প্রতিটি স্তরে ইস্পাতকঠিন ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।” তিনি আরও বলেন, কেবল কেন্দ্র থেকে নির্দেশনা দিলেই হবে না, বরং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিটি কর্মীকে সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করতে হবে।

​দলের অভ্যন্তরীণ সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং কোনো ধরনের বিভেদ বা গ্রুপিং প্রশ্রয় দেওয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নান্দাইল উপজেলা বিএনপিকে একটি মডেল সংগঠনে রূপান্তর করতে হবে।”

​এ সময় তিনি বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, নান্দাইলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের সার্বিক উন্নয়নে ইতিমধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের সুফল যেন সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিকভাবে পৌঁছায় এবং কোথাও কোনো অনিয়ম বা দুর্নীতি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সহযোগিতা করারও নির্দেশ দেন তিনি।

​সভায় উপস্থিত উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে নিজ নিজ ইউনিয়ন ও ওয়ার্ডের সাংগঠনিক অবস্থা, সমস্যা ও সম্ভাবনার কথা প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন। নেতাকর্মীরা জানান, দীর্ঘ সময় পর নান্দাইলবাসী একজন যোগ্য ও আধুনিক শিক্ষায় শিক্ষিত অভিভাবক পেয়েছেন, যার নেতৃত্বে এলাকার সার্বিক উন্নয়ন ও দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হচ্ছে।

​মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।