প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে সশস্ত্র বাহিনীর যেসব মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা আজ যারা সম্মানী এবং সংবর্ধনা পেলেন, আমি মনে করি, এটি মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়।আপনাদেরকে সম্মানিত করে কিছুটা হলেও রাষ্ট্র তার দায় পূরণের চেষ্টা করেছে।
শনিবার (২১ নভেম্বর) সশস্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের গৌরব সবসময় আমাকে আন্দলিত করে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি নিজেও গর্বিত।
তিনি বলেন, বিএনপি সরকারে থাকাকালীন সবসময় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর।
বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য অনুযায়ী সহযোগিতার ধারা অব্যাহত রাখবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত রাখতে, ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দেশে ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করেছিলেন। প্রমাণিত হয়েছে, এটি ছিল একটি সময়োপযোগী সিদ্ধান্ত। ২০০২ সালে প্রণয়ন করা হয়েছিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’।
তিনি বলেন, সময়ের নিয়মে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই আজ বয়সের ভারে ক্লান্ত। জীবন সায়াহ্নে এসেও তাদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি এখনও জ্বলজ্বল করছে। দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা এই জীবন্ত কিংবদন্তিদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ এভাবে প্রতিবছর যে প্রশংসনীয় উদ্যোগ নিয়ে আসছে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
সরকার প্রধান বলেন, ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসের এই দিনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং স্বাধীনতাপ্রিয় দেশবাসীর কাছে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, বীর মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে আমাদের জন্য যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গিয়েছেন, ফ্যাসিবাদমুক্ত এই বর্তমান বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য এবং সামর্থ অনুযায়ী সম্মান এবং সহযোগিতার ধারা অব্যাহত রাখবে, এ প্রত্যাশায় আবারো মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।