নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৬ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৭৪ জন রোগী। শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।

নতুন আক্রান্ত এক হাজার ৬৭৪ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩৮২ জন, ঢাকা মহানগরে ৩৬২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৫ জন, খুলনা বিভাগে ২২৭ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, বরিশাল বিভাগে ১৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হননি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ৭১ হাজার ৯৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৬৫ হাজার ৮৬৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন পাঁচ হাজার ৫৭৪ জন ডেঙ্গু রোগী।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫১৬ জনের মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি ২৬১ জন মারা গেছেন ঢাকা বিভাগে (ঢাকা মহানগরে ২২৭ জন এবং মহানগরের বাইরে ৩৪ জন)। এছাড়া খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।