ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া সংবাদদাতা : , আপলোডের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

২৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া, রাজনৈতিক দ্বন্দ্বে বেহাল কাঁঠালিয়ার দক্ষিণ আউরা গ্রামের সড়ক

দীর্ঘ ২৫ বছর পার হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ঝালকাঠির কাঁঠালিয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ আউরা গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটিতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দলের কারণে দীর্ঘ আড়াই দশক ধরে সড়কটি সংস্কার বা পাকাকরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার হাজারো মানুষকে।

​সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, বাইপাস সড়ক থেকে শুরু হয়ে উপজেলা সড়ক, পুরান পোল, বড় ব্রিজ, সাইফুল মল্লিক মিল বাড়ি হয়ে পুরানো আউরা বাজার পর্যন্ত বিস্তৃত এই সড়কটি এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। দক্ষিণ আউরা গ্রামে একাধিক গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান রয়েছে এবং সড়কটি আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সাথে সংযুক্ত। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

​এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই সড়কটির উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, দক্ষিণ আউরা এলাকাটি ঐতিহ্যগতভাবে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে উন্নয়ন বঞ্চিত রাখা হয়েছে। এছাড়া সড়কটির একাংশ জাতীয় পার্টির এক নেতার বাড়ির সামনে দিয়ে যাওয়ায় রাজনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয় এবং উন্নয়নকাজ আটকে থাকে বলে অভিযোগ উঠেছে।

​তবে ভিন্ন বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টির স্থানীয় শীর্ষ নেতা। জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন মজনু জানান, দক্ষিণ আউরা গ্রামের রাস্তার উন্নয়ন জাতীয় পার্টির আমলেই হয়েছিল।

​অন্যদিকে, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ খায়রুল ইসলাম খোকন বলেন, “বিএনপি আমলে আমি নিজে এ রাস্তার কাজ করিয়েছি, এরপর আর কোনো কাজ হয়নি। বিশেষ করে আওয়ামী লীগের আমলে রাজনৈতিক কারণে এই গ্রামের রাস্তায় উন্নয়নের ছোঁয়া লাগেনি।”

​দ্রুত সংস্কারের দাবি জানিয়ে কাঁঠালিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মল্লিক বলেন, “অতি দ্রুত রাস্তার কাজটি করা প্রয়োজন। এখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাফেরা করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কের সঙ্গে যুক্ত হয়েছে।”

​সড়কটির বেহাল দশার কারণে ব্যবসায়িক ক্ষতির কথা তুলে ধরে স্থানীয় ব্যবসায়ী মো. সাহিন জমাদার বলেন, “রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় বাজারে মালামাল পরিবহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ভ্যান বা রিকশা ঢুকতে চায় না, এতে আমাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে এবং ব্যবসার ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে।”

​এলাকার স্থায়ী বাসিন্দা নকির জমাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “বর্ষাকালে এই রাস্তায় হাঁটু সমান কাদা জমে থাকে, আর শুকনো মৌসুমে ধুলাবালিতে টেকা দায়। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হয়। আমরা রাজনীতির হিসাব বুঝি না, দ্রুত একটি ভালো রাস্তা চাই।”

​সব মিলিয়ে রাজনৈতিক রেষারেষি ও আধিপত্য বিস্তারের জাঁতাকলে পড়ে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে মনে করছেন এলাকাবাসী। জনস্বার্থে দলীয় ভেদাভেদ ভুলে দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা