জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক): , আপলোডের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মাদরাসা মিলনায়তনে সম্মেলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসার সহসভাপতি মাওলানা রমজান আলী। সভা সঞ্চালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম।

আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠেয় ৬০ বছর পূর্তি সম্মেলনকে সফল, সুন্দর ও স্মরণীয় করে তুলতে স্থানীয় জনগণের সহযোগিতা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসা দীর্ঘ ছয় দশক ধরে এ অঞ্চলে দ্বীনি শিক্ষার প্রসার, নৈতিকতা ও আদর্শ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির গৌরবময় ৬০ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তাঁরা সম্মেলন সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক ও মাদরাসার সাবেক শিক্ষার্থী মাওলানা ফজলুর রহমান, তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি ও মাদরাসার কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি মো. বায়েজিদ ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির মো. হাবিবুর রহমান ভূঁইয়া, মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা মতিউর রহমান, গালফ ইন্টারন্যাশনালের কর্মকর্তা মাওলানা বজলুর রহমান, মুফতি আব্দুল আজিজ, ইছাপশর দারুল মা’আরিফ মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তফা, দারুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল গণী, মাওলানা এরশাদ, হাফেজ দিদার, মাওলানা শফিকুল ইসলাম এবং দারুস সালাম মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

এ ছাড়া বোরগাঁও, বেলংকা ও ইছাপশর এলাকার বিভিন্ন পর্যায়ের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। সভায় এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলন আয়োজনের বিষয়ে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।