আমতলী (বরগুনা) প্রতিবেদক: , আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার

আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল খাঁনকে এক লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় তাকে সাবেক পৌর মেয়র মতিয়ার রহমানের পরিত্যাক্ত ঘরের একটি কক্ষ থেকে পটুয়াখালী দুদকের একটি টিম গ্রেপ্তার করেছেন। ওইদিন দুপুরে তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল খাঁনের দাবী সাবেক মেয়র মতিয়ার রহমানের অপকর্ম আড়াল করতে এবং তার প্রস্তাবমত কাজ না করায় তিনি (মতিয়ার) সাব-ঠিকাদার নোমান রেজাকে ব্যবহার করে পরিকল্পিতভাবে  দুদুক দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। দুদকের উর্দ্ধতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করলেই আসল রহস্য বেড়িয়ে আসবে।

জানাগেছে, আমতলী পৌরসভার সৌন্দর্য বর্ধণে বিশ্বব্যাংকের অর্থায়নে ২০২৩-২৪ অর্থ বছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা ব্যয়ে এলজিসিআরআরপি প্রকল্প হাতে নেয় স্থানীয় সরকার মন্ত্রনালয়। ২০২৪ সালের এপ্রিল মাসে আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান গোপনে এ কাজের দরপত্র আহবান করে।

অভিযোগ রয়েছে মেয়র মতিয়ার রহমান অতি গোপনে ঝালকাঠির ইসলাম ব্রাদার্স নামের এক ঠিকাদারী প্রতিষ্ঠানকে এ কাজ দেয়।  কিন্তু নামে মাত্র ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ দেয়া হলেও সমুদয় কাজ করেন ফ্যাসিষ্ট আওয়ামীলীগ দোসর মেয়র মতিয়ার রহমান। ২০২৪ সালের ৩০ জুলাই এ কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি।

বর্তমানে ওই কাজ চলমান রয়েছে। পলাতক সাবেক মেয়র মতিয়ার রহমান সাব-ঠিকাদার নোমান রেজা নামের একজনকে দিয়ে কাজ করাচ্ছেন। ওই কাজের তদারকি করছেন আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল খাঁন। সাব-ঠিকাদার নোমার রেজার অভিযোগ তার কাছে রুবেল এক লাখ টাকা ঘুস দাবী করছেন। তার দাবীকৃত টাকা সোমবার বেলা ১১ টার সময় সাবেক মেয়র মতিয়ার রহমানের পরিত্যাক্ত ঘরের একটি কক্ষে তাকে দেয়া হয়।

এ সময় পটুয়াখালী দুদকের একটি টিম তাকে হাতে নাতে ওই টাকাসহ গ্রেপ্তার করেছে । ওইদিন দুপুরে  সমন্বিত পটুয়াখালী জেলা কার্যালয়ের দুদক সহকারী পরিচালক তাপস বিশ্বাস আমতলী ডাক বাংলো প্রাঙ্গণে প্রেস ব্রিফিং শেষে  তাকে আমতলী থানায় সোপর্দ করেছেন।

আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার রুবেল খাঁন দাবী করেন, আমতলী পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান বিগত বছরে উন্নয়নমুলক কাজ না করে কোটি কোট টাকা আত্মসাৎ করেছেন। এখনও তিনি পৌরসভার কাজে অনিয়ম করে টাকা হাতিয়ে নিতে চায়। আমি তাতে রাজি না হওয়ায় তিনি (মতিয়ার) তার লোক নোমান রেজাকে দিয়ে পরিকল্পিতভাবে আমার পকেটে টাকা ঢুকিয়ে দুদক দিয়ে ধরিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, মেয়র মতিয়ার রহমানেরর বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। দুদকের উর্দ্ধতন কর্তৃপক্ষ সঠিক তদন্ত করলেই আসল ঘটনা বেড়িয়ে আসবে।

সাব-ঠিকাদার মোঃ নোমান রেজা বলেন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল খাঁন আমার কাছ থেকে এক লাখ টাকা ঘুস নিয়েছে। ওই টাকা দেয়ার সময় দুদক তাকে হাতে নাতে গ্রেপ্তার করেছে। সৌন্দর্য বর্ধণে কাজের মান খারাপ করছেন তাতে রুবেল রাজি হয়নি বলে, আপনি পরিকল্পিতভাবে তার পকেটে টাকা ঢুকিয়ে দিয়ে তাকে দুদকের কাছে ধরিয়ে দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি সদুত্তর না দিয়ে এড়িয়ে যান।

পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, হাতে-নাতে ঘুসের এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রুবেল খানকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কাছে দেয়া তথ্যের টাকার নম্বরের সঙ্গে তার সাথে থাকা টাকা হুবুহু মিলে গেছে। তার বিরুদ্ধে দন্ডবিধি ১৮৬০ সালের ১৬১ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫এর ২ ধারায়  মামলা করা হয়েছে। তিনি আরো বলেন, তাকে আমতলী থানায় সোপর্দ করা হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, দুদক আমতলী পৌরসভার  উপ-সহকারী প্রকৌশলীকে গ্রেপ্তার করে থানা হেফোজতে রেখেছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার পৌরসভা প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান বলেন, বিষয়টি আমি জেনেছি। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সরকারী চাকুরী বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।