মো:মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  , আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় জরিমানা

বগুড়ার আদমদীঘিতে পাটজাত মোড়কের পরিবর্তে পলিথিন ব্যবহার করার অপরাধে সালমান অটোমেটিক রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সালমান অটোমেটিক রাইস মিলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা পাট অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন অটোমেটিক রাইস মিলে চাল মোড়কজাতকরণের ক্ষেত্রে পাটজাত মোড়কের পরিবর্তে পলিথিন (প্লাস্টিক) ব্যবহার করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে সালমান অটোমেটিক রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি ভবিষ্যতে চাল মোড়কজাতকরণে বাধ্যতামূলকভাবে পাটজাত মোড়ক ব্যবহার করার নির্দেশনা দিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।