নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

দুই দিনের ভ্রমণে সমুদ্রসৈকত, মিনি সুইজারল্যান্ড ও রাখাইন পল্লি ঘুরে দেখলেন ৯ পর্যটক

পটুয়াখালীর কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন রাশিয়া থেকে আসা নয়জন তরুণী পর্যটক। দুই দিনের ভ্রমণে সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বন, চরাঞ্চল, রাখাইন পল্লি ও কাউয়ারচরের ‘মিনি সুইজারল্যান্ড’ ঘুরে আনন্দঘন সময় কাটিয়েছেন তারা।

ভ্রমণ শেষে আগামী মার্চে আবারও কুয়াকাটায় আসার প্রতিশ্রুতি দিয়েছেন পর্যটকরা। এবার সঙ্গে আনবেন আরও কয়েকজন সহকর্মীকে। কুয়াকাটা ট্যুর গাইড ও বাইক রাইডার আবু সালেহ জানান, রুশ তরুণীরা পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত। প্রায় সাত বছর ধরে তারা বাংলাদেশে অবস্থান করছেন।

অবসর সময়ে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখেন। রাশিয়ান পর্যটক নাতানিয়া কুয়াকাটাকে অসাধারণ ও মনোমুগ্ধকর স্থান হিসেবে উল্লেখ করে আবারও আসার আগ্রহ প্রকাশ করেছেন।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটার সমুদ্রসৈকতের পাশাপাশি বন, চর, দ্বীপাঞ্চল ও রাখাইন সংস্কৃতি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করছে। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানো গেলে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা আরও বাড়বে।

টুরিস্ট পুলিশ জানায়, বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে তারা কাজ করছেন। পর্যটনসংশ্লিষ্টদের মতে, বিদেশি পর্যটকদের এমন আগমন কুয়াকাটার পর্যটনশিল্পের জন্য ইতিবাচক সম্ভাবনা তৈরি করছে। যথাযথ নিরাপত্তা, উন্নত যোগাযোগব্যবস্থা ও পর্যটনসেবা নিশ্চিত করা গেলে কুয়াকাটা আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে আরও পরিচিতি পেতে পারে।