আমতলী (বরগুনা) প্রতিবেদক: , আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

আমতলীতে যুবদল নেতা হত্যার ৮ বছর, বিচার চেয়ে মায়ের আর্তনাদ

বরগুনার আমতলীতে আঠারগাছিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফ হত্যার আট বছর পেরিয়ে গেলেও বিচার পাননি বলে অভিযোগ করেছেন তার মা মোসা. উম্মে কুলসুম। ছেলের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, বিচার ও ফাঁসির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও দেশবাসীর কাছে বিচার চেয়েছেন তিনি। সন্তান হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে তার আর্তনাদ উপস্থিত সাংবাদিকদের আবেগাপ্লুত করে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব দাবি জানান উম্মে কুলসুম।

লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৮ সালের ১০ এপ্রিল রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে আমতলী উপজেলার চাউলা বাজারে দোকানের বেচাকেনা শেষে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তার ছেলে আবু ইউসুফকে একদল লোক কুপিয়ে হত্যা করে। আবু ইউসুফ আঠারগাছিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

উম্মে কুলসুমের অভিযোগ, জমি ও বাজারের দোকানঘরসহ বিভিন্ন বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কয়েকজনের সঙ্গে তার ছেলের বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। এসব বিরোধের জের ধরেই আবু ইউসুফকে হত্যার পরিকল্পনা করা হয়। হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে মো. মোশারেফ হোসেন হিরুর নাম উল্লেখ করে তিনি বলেন, হিরু হত্যা মামলার এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি ছিলেন। তবে পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব ও অর্থের বিনিময়ে তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ২০১৩ সালের ৫ নভেম্বর আমতলী থানায় করা একটি সাধারণ ডায়েরির (জিডি) ১৬৫ নম্বরের ১ নম্বর অভিযুক্ত হিসেবেও মোশারেফ হোসেন হিরুর নাম রয়েছে বলে দাবি করেন উম্মে কুলসুম।

এ ছাড়া নিজাম তালুকদার, জাফর হাং, মনির, রফিক, তপন, খোকন, সেন্টু, মিজানুর, রিপন, রুবেল, ফারুক খান, লিয়ন গাজী ও শহিদুলসহ আরও কয়েকজনকে ছেলে হত্যার মামলার আসামি বলে দাবি করেন তিনি।

উম্মে কুলসুম জানান, ২০১৯ সালের ৩০ জানুয়ারি আমতলীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন তিনি। মামলার আবেদনে আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে চাউলা বাজারের দোকানঘর, সুইজগেট, জমিজমা ও বিভিন্ন মামলা-মোকদ্দমা নিয়ে বিরোধের কথা উল্লেখ করা হয়েছে। আবু ইউসুফের সঙ্গে মোশারেফ হোসেন হিরুর জমি নিয়ে বিরোধ ছিল বলেও মামলার আবেদনে উল্লেখ করেন তিনি।

মামলার আবেদনে পূর্ববর্তী বিভিন্ন মামলা ও বিরোধের উল্লেখ করে হত্যাকাণ্ডের পেছনে এসব বিরোধের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করা হয়। মৃত্যুর আগে আবু ইউসুফ হত্যাকারীদের নাম বলে গেছেন দাবি করে ওই বক্তব্যের ভিডিও সংরক্ষিত রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান তার মা।

তিনি আরও অভিযোগ করেন, হত্যাকাণ্ডের আট বছর পার হলেও বিচার পেতে বিভিন্ন জায়গায় ঘুরেছেন। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ন্যায়বিচার পাননি। মামলার বাকি আসামিরা জামিনে রয়েছেন বলেও দাবি করেন তিনি। দীর্ঘ সময়েও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন সন্তানহারা এই মা।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছেলে হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান উম্মে কুলসুম। একই সঙ্গে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে তার বিচার চাওয়ার বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।

আর্তনাদ করে তিনি বলেন, ‘আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। আমার মতো সন্তানহারা হয়ে যেন কাউকে বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরতে না হয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমতলী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও যুবদলের সভাপতি মো. কবির উদ্দিন ফকির, আঠারগাছিয়া ইউনিয়নের সাবেক সভাপতি মো. ফারুক হোসেন মৃধা, সাবেক সদস্যসচিব ডা. মো. জসিম উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকেরা।