নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে হুমায়ুন কবিরের কড়া বার্তা

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, দেশে ফিরতে হলে পলাতক শেখ হাসিনাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, মনের জ্বালায় পয়সা দিয়ে মানে হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা দুই জিনিস। আপনাকে এ দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খাটে ঘুমাইয়া দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নের মধ্যে দেখে আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি।

প্রতিমন্ত্রী বলেন, হাসিনা সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। দেশে আসলে তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।

বর্তমান সরকারের বৈধতা ও অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, আমরা একটি আত্মবিশ্বাসী সরকার। বাংলাদেশের মানুষের বিপুল ভোটে নির্বাচিত এ সরকারের শক্ত ভিত্তি রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় সরকার অত্যন্ত কঠোর অবস্থানে থাকবে।

সকালে প্রথমবারের মতো ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশনপ্রধানদের ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়া-যুক্তরাজ‍্যসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক বা তাদের প্রতিনিধি এ ব্রিফিংএ অংশ নেন।