ফাতিমা আকতার মিম, ​কাঁঠালিয়া সংবাদদাতা: , আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

রাস্তা নয় যেন মরণফাঁদ: কাঁঠালিয়ায় সরকারি পুকুর থেকে পুরান পোল পর্যন্ত সড়কের বেহাল দশা

স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ঝালকাঠির কাঁঠালিয়া সদর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়কে। উপজেলার ৪নং কাঁঠালিয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ আউরা গ্রামের সরকারি খাস পুকুর থেকে কাঁঠালিয়া পুরান পোল পর্যন্ত সড়কটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিনেও সড়কটিতে কোনো মাটি বা বালি ভরাট না হওয়ায় এটি এখন স্থানীয়দের কাছে রীতিমতো ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।

​সরেজমিনে দেখা গেছে, সড়কটির অধিকাংশ স্থান ভেঙে গিয়ে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ে, যা হেঁটে চলাচলেরও অযোগ্য হয়ে যায়। সড়কটিতে আজ অবধি কোনো মাটি, বালি বা সংস্কারের কাজ না হওয়ায় এর অস্তিত্বই এখন হুমকির মুখে।

​এ বিষয়ে কাঁঠালিয়া শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মল্লিক বলেন, “দীর্ঘদিন ধরে এই রাস্তাটি চরম বেহাল অবস্থায় পড়ে থাকলেও কাজ শুরুর কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত মাটি ও বালি ভরাট করে রাস্তাটি চলাচলের উপযোগী করা জরুরি।”

​কাঠালিয়া যুবদলের সদস্য সফিকুল ইসলাম শাওন বলেন, “সরেজমিনে গিয়ে দেখেছি, দক্ষিণ আউরা গ্রামের সরকারি খাস পুকুর থেকে পুরান পোল পর্যন্ত সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। মাটি বা বালি না থাকায় কোমলমতি শিক্ষার্থী, বয়স্ক ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সড়কটি নির্মাণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”

​স্থানীয় বাসিন্দারা বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ, রোগী ও সাধারণ মানুষ চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। কোনো জরুরি রোগী হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে বা কৃষিপণ্য বাজারজাত করতে গেলে চরম ভোগান্তিতে পড়তে হয়। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।

​এলাকাবাসী আরও জানান, সড়কটি নির্মাণ ও সংস্কারের দাবিতে বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ বা কাজ শুরুর কোনো আলামত দেখা যাচ্ছে না।

​ভুক্তভোগী এলাকাবাসী দ্রুততম সময়ের মধ্যে সড়কটিতে মাটি ও বালি ভরাট করে এটি চলাচলের উপযোগী ও পাকা করার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।