ঝালকাঠির কাঠালিয়ায় প্রতিবন্ধী ভাতার উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই কার্যক্রম চলছে। সঠিক ও প্রকৃত উপকারভোগীদের তালিকাভুক্ত করার লক্ষ্যে এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই কার্যক্রমে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. তাপস কুমার এবং কাঠালিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপকারভোগীদের প্রয়োজনীয় কাগজপত্র, তথ্য ও বাস্তব অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।
উপজেলা জুড়ে পরিচালিত এই কার্যক্রমে ১নং চেঁচরী রামপুর ইউনিয়ন, ২নং পাটিখালঘাটা ইউনিয়ন, ৩নং আমুয়া ইউনিয়ন, ৪নং কাঠালিয়া সদর ইউনিয়ন, ৫নং শৌলজালিয়া ইউনিয়ন এবং ৬নং আওরাবুনিয়া ইউনিয়নের উপকারভোগী ও সংশ্লিষ্টরা অংশ নেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, প্রকৃত ও যোগ্য উপকারভোগীরা যেন সরকারি এই সহায়তা থেকে বঞ্চিত না হন এবং তালিকায় কোনো অনিয়ম বা অসঙ্গতি যেন না থাকে, সেজন্যই সঠিক কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বসহকারে সম্পন্ন করা হচ্ছে। কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় কাগজপত্র ও সঠিক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।