আমতলী (বরগুনা) প্রতিবেদক: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ইসলামী আন্দোলন নেতার বিচার দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ

বরগুনার আমতলী পৌরসভায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে ফলদ গাছ কাটার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখার সভাপতি ও দলীয় মেয়র মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামানের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। তাঁদের অভিযোগ, গাছ কাটার পর ডালপালা অপসারণের কাজে তাঁদের ডেকে নিয়ে উল্টো দায় চাপানো হয়েছে। এ ঘটনায় পরিচ্ছন্নতাকর্মী বদু মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

বুধবার রাতে অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মী পৌরসভার মিঠাবাজার থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কামরুজ্জামানের বাড়ির সামনে গিয়ে শেষ হয়। সেখানে তাঁরা তাঁর বিচার দাবি করেন। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা না নেওয়া হলে কর্মবিরতির হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী পৌর শহরের ৪৩/১ পোল্ডারের পুরোনো লঞ্চঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় দুই শতাংশ জমি মো. আব্দুর রশিদ খাঁন ভোগদখল করে আসছেন। প্রায় ২৬ বছর আগে তিনি ওই জমিতে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ রোপণ করেন। গাছগুলো বড় হওয়ার পর গত ২ নভেম্বর সেগুলো কেটে ফেলার অভিযোগ ওঠে কামরুজ্জামান ও তাঁর লোকজনের বিরুদ্ধে। জমি দখলের উদ্দেশ্যে গাছগুলো কাটা হয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

এ ঘটনায় গাছের রোপণকারী আব্দুর রশিদ খাঁন ওই দিন বিকেলে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএফপিসি মো. মনিরুল ইসলামকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এদিকে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ১৪ নভেম্বর আমতলী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন পরিচ্ছন্নতাকর্মী বদু মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফলদ ও বনজ গাছ কাটার ঘটনায় তাঁর সম্পৃক্ততার বিষয় উল্লেখ করে কেন তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে না, তা সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়।

তবে বদু মিয়ার দাবি, ইসলামী আন্দোলন নেতা কামরুজ্জামান গাছ কাটার পর ডালপালা অপসারণের জন্য তাঁদের ডেকে পাঠান। তাঁর নির্দেশে তাঁরা ডালপালা সরিয়েছেন। গাছ কাটার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। ভিডিওর কয়েকটি স্ক্রিনশট দেখে তাঁকে দায়ী করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ডালপালা অপসারণের সময় কামরুজ্জামান পরিকল্পিতভাবে ভিডিও ধারণ করে স্ক্রিনশটের মাধ্যমে তাঁদের ফাঁসিয়েছেন। অধিকতর তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরিচ্ছন্নতাকর্মীরা বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও কামরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখার সভাপতি ও দলীয় মেয়র মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান বলেন, ‘এ বিষয় নিয়ে যারা বাড়াবাড়ি করবে, তাদের আওয়ামী লীগ আখ্যা দিয়ে মারধর করা হবে।’

আমতলী উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, তদন্ত শেষে প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদন পেয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বরগুনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়েছে।