বরগুনার আমতলীতে ঘরের শখের জিনিসপত্র ও টাকা-পয়সা চুরির ঘটনায় হতাশ হয়ে সাথী আক্তার ঝুমুর (২৭) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তিনি ইতালি প্রবাসী মো. ইমন আলীর স্ত্রী। বুধবার রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের চর-রাওঘা গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চর-রাওঘা গ্রামের গিয়াস উদ্দিন ফকিরের মেয়ে সাথী আক্তার ঝুমুরের সঙ্গে ইতালি প্রবাসী মো. ইমন আলীর বিয়ে হয়। প্রায় চার বছর আগে তাঁরা ওই এলাকায় একটি পাকা বাড়ি নির্মাণ করেন। ঝুমুর ওই বাড়িতে একাই বসবাস করতেন। গত ১০ দিন আগে তিনি ঢাকায় যান। বুধবার রাতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরে ঘরের শখের জিনিসপত্র ও টাকা-পয়সা চুরি হয়ে যাওয়ার বিষয়টি দেখতে পান।
এ ঘটনায় হতাশ হয়ে তিনি স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলেন। এ সময় চুরি হওয়া মালামালের বিষয়টি জানিয়ে বেঁচে থাকার ইচ্ছা নেই বলে স্বামীকে জানান। পরে নিজের আত্মহত্যার দৃশ্য ধারণ করে স্বামীর কাছে একটি ভিডিও পাঠান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভিডিওটি দেখে তাঁর স্বামী প্রতিবেশীদের বিষয়টি জানান। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের আলমারি ভাঙা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পায়। পরে ঘরের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশফাকুজ্জামান ও আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রতিবেশী মাছুম বিল্লাহ বলেন, সাথী আক্তার ঝুমুর ওই বাড়িতে একাই বসবাস করতেন। তাঁর বাড়িতে সাধারণত কেউ প্রবেশ করতে পারতেন না। বুধবার রাতে ইতালি প্রবাসী তাঁর স্বামী ফোন করে ঝুমুরের আত্মহত্যার বিষয়টি জানান। বৃহস্পতিবার সকালে পুলিশ বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। এ সময় তাঁর মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও পাওয়া যায় বলে তিনি জানান।
আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, ঘরের মালামাল চুরি যাওয়ার ঘটনায় হতাশ হয়ে ঝুমুর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।