অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ মিছিল, মহড়া ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির নির্দেশনায় নান্দাইল পৌর শহরের প্রধান প্রধান সড়কে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি ও সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য কঠোর হস্তে প্রতিহত করা হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির নেতা-কর্মীরা সব সময় মাঠে সতর্ক অবস্থানে রয়েছেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
উক্ত প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন ও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লিটন, সদস্য সচিব মো. এনামুল কাদির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম ফকির এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. সাদ্দাম হোসেন।
এছাড়াও উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।