বরগুনার আমতলীতে যুবদল নেতা আবু ইউসুফ হত্যাকাণ্ডের আট বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ার অভিযোগ করেছেন তাঁর পরিবার। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শুক্রবার বিকেলে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা বাজারে মানববন্ধন করেছেন ইউনিয়ন যুবদলের নেতাকর্মী ও এলাকাবাসী। এতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মাদ ফারুক হোসেন মৃধার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নিহত আবু ইউসুফের বড় ভাই ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মাদ শাহ জালাল, চাওড়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মাদ মোমন আকন, আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মাদ নজরুল ইসলাম মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক চিকিৎসক মোহাম্মাদ জসিম ও নিহতের মা উম্মে কুলসুম বেগম।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাজারের জমি ও দোকানঘরসহ বিভিন্ন বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আবু ইউসুফের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। এসব বিরোধের জেরে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। জীবনের নিরাপত্তা চেয়ে ২০১৩ সালের ৫ নভেম্বর আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর মা উম্মে কুলসুম। ওই জিডিতে মো. মোশারেফ হোসেন হিরুর নাম এক নম্বর অভিযুক্ত হিসেবে উল্লেখ ছিল বলে দাবি করেন বক্তারা।
তাঁদের অভিযোগ, বিরোধের জের ধরে ২০১৮ সালের ১০ এপ্রিল রাতে আবু ইউসুফকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে মো. মোশারেফ হোসেন হিরুর নাম উল্লেখ করে বক্তারা বলেন, তিনি ওই হত্যা মামলার এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি ছিলেন। তবে পরবর্তী সময়ে রাজনৈতিক প্রভাব ও অর্থের বিনিময়ে তাঁকে মামলার অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ করেন তাঁরা।
অভিযোগের বিষয়ে মোহাম্মদ মোশারেফ হোসেন হিরু বলেন, ‘ইউসুফ হত্যাকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা না থাকায় তদন্ত কর্মকর্তা চার্জশিট থেকে আমার নাম বাদ দিয়েছেন। এত বছর এ নিয়ে কোনো আলোচনা বা অভিযোগ ছিল না। আমি আঠারোগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। এ কারণে আমাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।’
জানা যায়, ২০১৮ সালের ১০ এপ্রিল রাত পৌনে ১০টার দিকে উপজেলার চাউলা বাজারে দোকানের বেচাকেনা শেষে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন আঠারোগাছিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফ। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের আগে নিজের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও বার্তায় হত্যাকারীদের নাম প্রকাশ করে গেছেন বলে দাবি করেন তাঁর পরিবারের সদস্যরা।
এ হত্যাকাণ্ডের ঘটনায় পরবর্তী সময়ে ২০১৯ সালের ৩০ জানুয়ারি আমতলীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন ইউসুফের মা উম্মে কুলসুম। তাঁর অভিযোগ, দীর্ঘ আট বছর ধরে ছেলে হত্যার বিচার পেতে বিভিন্ন জায়গায় ঘুরেও ন্যায়বিচার পাননি। মামলার বাকি আসামিরা জামিনে রয়েছেন বলেও দাবি করেন তিনি।
মানববন্ধনে নিহতের মা উম্মে কুলসুম ছেলে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানান।