বিশ্বসুন্দরীর মুকুট জয়ের লড়াইয়ে সেরা ৩০-এ জায়গা হয়নি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির। তবে প্রতিযোগিতার মঞ্চ থেকে একেবারে খালি হাতে ফিরছেন না তিনি। বরং দর্শকদের ভালোবাসা আর ভোটে দুটি বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছেন এই বাংলাদেশি প্রতিযোগী। মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সুইমস্যুট ও ইভনিং গাউন দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছেন মাহি।
প্রতিযোগিতার সুইমস্যুট পর্বেই নিজের ব্যতিক্রমী উপস্থিতি দিয়ে নজর কেড়েছিলেন মাহি। যেখানে অন্য প্রতিযোগীদের অনেকেই বিকিনি বেছে নিয়েছিলেন, সেখানে তিনি হাজির হন পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাকে। পোশাকটির সঙ্গে পেছনে ছিল ছড়িয়ে পড়া লম্বা নীল কাপড়। প্রচলিত ধারার বাইরে গিয়ে এমন সাজ বেছে নেওয়া এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পান তিনি। এবার সেই পর্বেই দর্শকদের ভোটে সেরার স্বীকৃতি পেলেন।
শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে নিজের এই অর্জনের খবর জানান মাহি। তিনি লেখেন, ৭৫তম মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউন এই দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার কথাও জানান তিনি।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেও এই অর্জন শুধু তার একার নয়, বরং দেশের প্রতিটি মানুষের এমনটাই মনে করেন মাহি। আরেকটি পোস্টে বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের সঙ্গে নিজের নাম দেখতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পুরো প্রতিযোগিতার যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া, উৎসাহ ও সমর্থন তাকে সাহস জুগিয়েছে বলেও জানান। মাহি জানান, প্রতিটি পদক্ষেপে তিনি বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন। দেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন এই সুন্দরী।
সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় মূল প্রতিযোগিতায় মুকুট জয়ের দৌড় থেকে ছিটকে গেছেন মাহি। তবে দর্শকদের ভোটে দুটি বিভাগে বিজয়ী হওয়া এবং ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপের স্বীকৃতি তার মিস ইউনিভার্স যাত্রায় যোগ করেছে আলাদা মাত্রা। দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’