মো: মাহবুবুর রহমান বাবুল , আপলোডের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

​মানবতার চিকিৎসক আলহাজ্ব ডা. আলাল উদ্দিন ভূঁইয়া: এক নিবেদিতপ্রাণ জীবনের কথা

​মানুষ মরণশীল—এই চিরন্তন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে মাঝেমধ্যে এমন কিছু মানুষের প্রস্থান ঘটে, যাঁদের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। ক্ষণস্থায়ী ও মায়াময় এই পৃথিবীতে চলতে চলতে অনেকের সঙ্গেই আমাদের পরিচয় হয়; কেউ পরিচিত হয়ে থাকেন, কেউবা হয়ে ওঠেন আপনজন। কিন্তু তাঁদের মধ্যে খুব কমসংখ্যক মানুষই গুণে, কর্মে ও আচরণে ‘সজ্জন থেকে অতি সজ্জন’ হয়ে ওঠেন। ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রবীণ ও প্রাজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক আলহাজ্ব ডা. আলাল উদ্দিন ভূঁইয়া ছিলেন তেমনি একজন সজ্জন, বিনয়ী ও মানবিক মানুষ। শুক্রবার দিবাগত রাতে তাঁর চিরবিদায়ের মধ্য দিয়ে নান্দাইলের চিকিৎসাঙ্গন ও সমাজজীবনে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে।

​চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি গ্রামে জন্মগ্রহণ করলেও জীবনের সিংহভাগ সময় তিনি কাটিয়েছেন নান্দাইলের নতুন বাজার আদর্শ পল্লিতে। শিকড়ের মাটিকে আঁকড়ে ধরেও কর্মজীবন ও সামাজিক পরিমণ্ডলে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন একজন গ্রহণযোগ্য ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে। পেশাগত জীবনে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে তিনি নান্দাইল উপজেলায় দীর্ঘদিন সুনামের সঙ্গে সেবা দিয়েছেন। অভিজ্ঞতা, প্রজ্ঞা ও ধৈর্যের সমন্বয়ে তিনি হয়ে উঠেছিলেন এলাকার অন্যতম প্রবীণ চিকিৎসক।

চিকিৎসা পেশায় অনেক সময় বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি প্রাধান্য পেলেও ডা. আলাল উদ্দিন ভূঁইয়া ছিলেন সম্পূর্ণ ভিন্ন ধাতুর মানুষ। তিনি ছিলেন অর্থের চেয়ে মানবতার চিকিৎসক। জীবনে অসংখ্য রোগী তাঁর চিকিৎসায় আরোগ্য লাভ করেছেন—যার সঠিক সংখ্যা বা পরিসংখ্যান নির্ণয় করা প্রায় অসম্ভব। রোগীর প্রতি তাঁর আন্তরিকতা ও সহানুভূতির পরিধি এতটাই বিস্তৃত ছিল যে, সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও তাঁর ওপর আস্থা রেখেছেন। নান্দাইলের সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অহিদুল ইসলাম বিভিন্ন সময় শারীরিক অবস্থার কারণে তাঁর শরণাপন্ন হয়েছিলেন—যা তৎকালীন সময়ে ইউএনও মহোদয় নিজেই স্বীকার করেছিলেন। এটি একজন চিকিৎসকের দক্ষতা ও আস্থার জায়গাটিকে স্পষ্টভাবে তুলে ধরে।

একজন প্রবীণ ও অভিজ্ঞ মানুষ হিসেবে নতুন প্রজন্মের চিকিৎসকদের প্রতি তাঁর উদারতা ও উৎসাহ ছিল অনুকরণীয়। ২০২০ সালে হোমিওপ্যাথিতে ডিএইচএমএস (DHMS) কোর্স সম্পন্ন করার পর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হোমিওপ্যাথিক চিকিৎসক জনাব ডা. ফখর উদ্দিন ভূঁইয়া এবং সিনিয়র ফিজিশিয়ান ডা. মৃণাল দা’র পরামর্শে ২০২২ সালে নান্দাইল উপজেলা হোমিও ডক্টর অ্যাসোসিয়েশন (হোডা)-এর সভায় যুক্ত হওয়ার সুযোগ হয়। সেই সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডা. আলাল উদ্দিন ভূঁইয়া মহোদয়। কোনো সংকোচ বা দ্বিধা ছাড়াই তিনি সিনিয়র সহসভাপতি পদে মনোনয়নের প্রস্তাব করেন। সেদিনই তাঁর মহত্ত্ব, উদারতা ও সজ্জনতার গভীরতা উপলব্ধি করা সম্ভব হয়েছিল।

পরবর্তী সময়ে কমিটির অভিষেক অনুষ্ঠানসহ যতবারই তাঁর সঙ্গে দেখা হয়েছে, ততবারই তিনি মিষ্টি ও হাস্যজ্বল ভঙ্গিতে আন্তরিক ভাববিনিময় করেছেন। তাঁর আচরণে কখনো অহংকার বা দূরত্বের ছাপ দেখা যায়নি; বরং স্নেহ, মমতা ও সৌজন্যবোধ দিয়ে তিনি সবাইকে আপন করে নিতেন। শনিবার (২৮ নভেম্বর) বেলা ২টা ৩০ মিনিটে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত তাঁর জানাজার নামাজে অংশগ্রহণকারী সকলের বক্তব্যেও উঠে এসেছে তাঁর সদালাপী ও মিষ্টভাষী জীবনের নানা দিক।

আজ তিনি আর এই মায়াময় ধরাধামে নেই। আর কোনো দিন তাঁর হাসিমুখ বা আন্তরিক সম্ভাষণ শোনা যাবে না। তবু মানুষের জীবন শুধু আয়ু দিয়ে মাপা হয় না; মাপা হয় তার রেখে যাওয়া কর্ম ও আদর্শ দিয়ে। মানবসেবা, বিনয়, সহমর্মিতা ও নতুনদের এগিয়ে দেওয়ার যে উজ্জ্বল দৃষ্টান্ত আলহাজ্ব ডা. আলাল উদ্দিন ভূঁইয়া রেখে গেছেন, তা-ই হোক আমাদের ভবিষ্যৎ চলার অন্যতম পাথেয়। পরপারে তিনি ভালো থাকুন, শান্তিতে থাকুন অনন্তকাল।

​“মানুষের আসল পরিচয় তার দীর্ঘায়ুতে নয়; বরং তার রেখে যাওয়া কর্ম, বিনয় ও মানবিক আদর্শে। ডা. আলাল উদ্দিন ভূঁইয়ার জীবন আমাদের সেই মানবিক পথেরই এক উজ্জ্বল আলো।”

​চিরবিদায় মানেই সব কিছুর শেষ নয়—যখন কোনো মানুষ তাঁর সৎকর্ম, মিষ্টভাষিতা ও মানবিকতার ছাপ মানুষের হৃদয়ে এঁকে যান, তখন তিনি স্মৃতির মণিকোঠায় চিরস্থায়ী হয়ে ওঠেন। আলহাজ্ব ডা. আলাল উদ্দিন ভূঁইয়াও তেমনই এক আলোকবর্তিকা, যিনি নীরবে-নিভৃতে মানুষের সেবা করে গেছেন এবং নতুন প্রজন্মকে আগলে রাখার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর রেখে যাওয়া সেই মানবিক ও সজ্জনতার আদর্শ ধারণ করে এগিয়ে চলাই হোক আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ। মহান আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।

লেখক : মো: মাহবুবুর রহমান বাবুল,

সহকারী অধ্যাপক ইংরেজি

তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসা।