সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা নিরসনে বাংলাদেশ মিশনের সাথে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ‘বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’।
শুক্রবার দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত সংগঠনের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় এই অঙ্গীকার করেন নেতৃবৃন্দ।
আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধ এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে একসাথে কাজ করবে বাংলাদেশ মিশন ও প্রবাসী সাংবাদিকরা।
দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রবাসীদের বর্তমান সংকট ও উত্তরণের পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, মুষ্টিমেয় কিছু প্রবাসীর অনৈতিক ও হিংসাত্মক কর্মকাণ্ডের কারণে দেশের সম্মানহানি হচ্ছে। এ থেকে উত্তরণে আমিরাতের আইন-কানুন মেনে চলা এবং কমিউনিটির মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর জোর দেন কনসাল জেনারেল।