মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

প্রতিকূল বাস্তবতা জয় করে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের লড়াই

স্পোর্টস ডেস্ক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: রয়টার্স

অবশেষে যুক্তরাষ্ট্রের মাটিতে উড়েছে ইরানের পতাকা, বেজেছে জাতীয় সংগীত। অথচ বিশ্বকাপ ফুটবলে ইরানের অংশগ্রহণ নিয়েই ছিল ঘোর অনিশ্চয়তা। আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ ও দুই দেশের চলমান রাজনৈতিক-সামরিক উত্তেজনার মধ্যেও সব বাধা অতিক্রম করে লস অ্যাঞ্জেলসে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছে ইরান। প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

এরই মধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। ১-১ গোলে ড্র দুই দলের লড়াই। ম্যাচের সপ্তম মিনিটে জাস্টের গোলে নিউজিল্যান্ড এগিয়ে যায়। ৩২ মিনিটে ইরান সমতা ফেরায় রামিনের গোলে। বিরতির কয়েক সেকেন্ড আগে ইরান আরেকটি গোল দিলেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার শিকার হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে ইরান। সেই প্রেক্ষাপটে বিশ্বকাপে দলটির যাত্রা শুরু থেকেই ছিল অনিশ্চয়তায় ঘেরা। যুক্তরাষ্ট্রে ম্যাচ খেললেও ইরানকে ক্যাম্প করতে হয়েছে মেক্সিকোর সীমান্ত শহর তিহুয়ানায়।

ইরানের ফুটবল ফেডারেশনের অভিযোগ, দলের সব কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। এমনকি সমর্থকদের জন্য বরাদ্দ টিকিটও বাতিল করা হয়েছে। এছাড়া বিশেষ ব্যবস্থায় মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে এসে ম্যাচ খেলেই আবার ফিরে যেতে হবে দলটিকে। যুক্তরাষ্ট্রে একটানা ২৪ ঘণ্টার বেশি অবস্থানের অনুমতিও নেই তাদের।

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে আয়োজক দেশ ও অংশগ্রহণকারী একটি দেশের মধ্যে সরাসরি যুদ্ধাবস্থা বিরাজ করছে।

এদিকে বিশ্বকাপ মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে ইরান ও নিউজিল্যান্ড। দুর্দান্ত ফর্মে থাকা ইরান নিজেদের সর্বশেষ তিন প্রীতি ম্যাচে মালি, গাম্বিয়া ও কোস্টারিকাকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। বিপরীতে নিউজিল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক। ২০২৫ সালের জুনে আইভরি কোস্টকে ১-০ গোলে হারানোর পর আর কোনো ম্যাচে জয়ের মুখ দেখেনি দলটি।

দুই দলের এটি তৃতীয় সাক্ষাৎ। সর্বশেষ ২০০৩ সালের অক্টোবরে তেহরানে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছিল ইরান। এর আগে ১৯৭৩ সালের আগস্টে অকল্যান্ডে অনুষ্ঠিত প্রথম দেখায় গোলশূন্য ড্র করেছিল দুই দল।

ফর্ম, অভিজ্ঞতা এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ম্যাচটিতে এগিয়ে থাকছে ইরান। তবে মাঠের লড়াইয়ের বাইরে রাজনৈতিক বাস্তবতা ও নানা প্রতিকূলতা পেরিয়ে বিশ্বকাপের মঞ্চে তাদের উপস্থিতিই ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..