সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ

আমতলীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে বরগুনার আমতলীতে জনসচেতনতামূলক ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলে, মাছ ব্যবসায়ী, বরফকল মালিক ও সংশ্লিষ্টদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে আমতলী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস, আমতলী থানার তদন্ত কর্মকর্তা সঞ্জয়, পৌর বিএনপির সভাপতি মো. জালাল আহমেদ খান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হুমায়ুন কবির তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর সভাপতি কামরুজ্জামান, গণ অধিকার পরিষদের সভাপতি মো. সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জেলে, মাছ বাজার ও বরফকলের প্রতিনিধিরা।

সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময় আইন অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার সময় জেলেরা যাতে মানবিক সংকটে না পড়েন, সে জন্য সরকারের পক্ষ থেকে জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে।

সভায় নিষেধাজ্ঞার সময়ে নদীতে ইলিশ শিকার বন্ধ রাখা, মাছ পরিবহন ও বাজারজাতকরণ না করা এবং জেলেদের সচেতন করতে প্রশাসন, মৎস্য বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..