শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রস্তাবিত বাজেটে বৈষম্যের শিকার দক্ষিণবাংলাবাসীর মানববন্ধন বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী আমতলীতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীনের ১৭টি চুক্তি-সমঝোতা স্মারক সই বিশ্বকাপে সর্বোচ্চ লালকার্ডের রেকর্ড ব্রাজিলের দখলের চীনের করিডোর প্রস্তাবকে ইতিবাচক দেখছে সরকার: মাহাদী আমিন শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হোসেনি দালান থেকে শুরু তাজিয়া মিছিল ডিভোর্সের পর দীর্ঘ অনুপস্থিতি, সাবেক স্বামীর মৃত্যুর পর সম্পত্তিতে সক্রিয়—মিরা খানকে ঘিরে বিতর্ক

আমতলীতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী এলাকায় একই রাতে একটি মসজিদ, একটি ইউনিয়ন পরিষদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ল্যাপটপ, নগদ টাকা ও সিগারেটসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র ঘোপখালী জামে মসজিদ, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ, ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং স্থানীয় ব্যবসায়ী শানু হাওলাদারের দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা আলমিরা ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে এবং মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদ থেকে একটি ল্যাপটপ ও নগদ ২০ হাজার টাকা, ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি ল্যাপটপ ও নৈশপ্রহরীর রাখা নগদ ২০ হাজার টাকা, মসজিদের আলমিরা থেকে দানবাক্সের টাকা এবং শানু হাওলাদারের দোকান থেকে বেশ কিছু সিগারেট চুরি হয়েছে।

ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. মোর্শ্বেদা বেগম বলেন, চোরেরা বিদ্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমিরা ভেঙে একটি ল্যাপটপ এবং নৈশপ্রহরীর রাখা ২০ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, একটি কক্ষ ছাড়া পরিষদের প্রায় সব কক্ষের তালা ভেঙে আলমিরা তছনছ করা হয়েছে। একটি ল্যাপটপ ও নগদ ২০ হাজার টাকা চুরি হয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. সোহেলী পারভীন মালা বলেন, চোরেরা গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রও নিয়ে গেছে। পরে সেগুলোর কিছু অংশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় থাকলেও এখন পর্যন্ত তাদের দমনে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। একই রাতে চারটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব আলী বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..