বরগুনার বেতাগীতে বসতঘরের আড়ার (রুয়া) সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাবনী (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হোসনাবাদ গ্রামে স্বামীর বসতঘরে এ ঘটনা ঘটে। নিহত লাবনী ওই গ্রামের মোঃ রমজান খানের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা রমজান খানের দোতলা টিনশেড ঘরের রুয়ার সঙ্গে লাবনীকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।