বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

পটুয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, আইন প্রয়োগে কঠোর হওয়ার আহ্বান

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫৮ বার পঠিত
ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনা রোধ, যানবাহনের শৃঙ্খলা নিশ্চিত এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, চালকদের সচেতনতা বৃদ্ধি, অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। এছাড়াও নিরাপদ সড়কে বিশেষ অবদানের জন্য জেলায় চারজনকে পুরস্কৃত করেন।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পটুয়াখালী সার্কেলের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তারেক হাওলাদার।

সভায় সড়ক নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায়, পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা শিক্ষা কর্মকর্তা মুহা. মুজিবুর রহমান, পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, দায়িত্বশীলভাবে যানবাহন চালানো এবং পথচারীদের সড়ক ব্যবহারে সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি অতিরিক্ত পণ্য পরিবহন ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তাঁরা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। প্রশাসন, পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক, চালক, পথচারী এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা বন্ধ এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবার সচেতন ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

বক্তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন।

এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পরিবহন শ্রমিকদের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..