বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

বাংলাদেশ উন্নত হলে সুফল পাবেন প্রবাসীরাও: প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি :
  • আপলোডের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে পারলে দেশে ও প্রবাসে থাকা সব বাংলাদেশিই এর সুফল পাবেন। এ কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাপানের টোকিওর নিউ ওতানি হোটেলে জাপানপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশে কিংবা বিদেশে যে অবস্থানেই থাকুন না কেন, সবারই দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করা উচিত। নিজ নিজ অবস্থান থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ইংরেজির পাশাপাশি জাপানিসহ জার্মান, ফরাসি ও কয়েকটি বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনা রয়েছে। আগামী বছর থেকে স্কুলগুলোতে এসব ভাষা শেখানোর কার্যক্রম শুরুর প্রত্যাশা রয়েছে।

শিক্ষার্থীদের খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিচর্চার সুযোগ দেয়া হবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপরও গুরুত্ব দেয়া হবে বলে জানান তিনি।

সরকারপ্রধান বলেন, আগামী পাঁচ বছরে উপজেলা হাসপাতালগুলোর শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫০টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা চালু এবং নারী ও শিশুদের বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার করা গেলে উন্নত চিকিৎসার জন্য গ্রামের মানুষকে জেলা বা বিভাগীয় শহরে ছুটতে হবে না। এতে বড় হাসপাতালগুলোর ওপর চাপও কমবে।

গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। প্রস্তাবিত নিয়োগে অন্তত ৮০ শতাংশ নারী রাখার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এসব স্বাস্থ্যকর্মী বাড়ি বাড়ি গিয়ে পুষ্টি, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে সচেতনতা তৈরিতে কাজ করবেন।

জাপানের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কর্মীদের যথাযথ প্রশিক্ষণ, জাপানি ভাষা শিক্ষা এবং দেশটির সংস্কৃতি সম্পর্কে ধারণা দিয়ে পাঠানোর উদ্যোগ নেয়া হবে।

জাপানি ভাষায় দক্ষ প্রবাসীদের দেশে কাজে লাগানোর বিষয়ে তিনি বলেন, আগ্রহীরা শিক্ষা মন্ত্রণালয় অথবা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিদেশে অবস্থান করলেও সবাই বাংলাদেশের নাগরিক। দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষ জনশক্তি তৈরিতে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব। জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার সভাপতিত্বে সভায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..