রাজধানীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরগুনার আমতলীতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাতটার দিকে সচেতন নাগরিকদের উদ্যোগে আমতলী পৌর শহরে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি একে স্কুল সংলগ্ন এসিআই মটরস এলাকার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মশাল মিছিল ও সমাবেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসার ওপর সংঘটিত নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ড পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন আর কোনো শিশু এমন নৃশংসতার শিকার না হয়, সে জন্য কঠোর আইন প্রয়োগের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, শিশু ও নারী নির্যাতনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসন, পরিবার এবং সমাজের সকল স্তরের মানুষকে আরও সচেতন ও সোচ্চার হতে হবে।