হোটেল ইয়ামেনী ইন্টারন্যাশনাল লি.-সংক্রান্ত একটি অভিযোগপত্রকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম, অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি ব্যবহার করে প্রকাশিত সংবাদ ও ভিডিওর প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্যসচিব সাখাওয়াত হোসেন।
শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, অভিযোগপত্রে উল্লেখিত ব্যক্তি তিনি নন। তার ভাষ্য অনুযায়ী, অভিযোগপত্রে “শাখাওয়াত হোসেন” নামে একজন ব্যক্তির নাম রয়েছে, অথচ তার নাম “সাখাওয়াত হোসেন”। এছাড়া অভিযোগপত্রে উল্লেখিত মোবাইল নম্বরও তার নয় বলে তিনি উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে সাখাওয়াত হোসেন আরও বলেন, হোটেল ইয়ামেনী ইন্টারন্যাশনাল লি.-সংক্রান্ত ঘটনার সঙ্গে তার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নেই। কিন্তু পরিচয় যথাযথভাবে যাচাই না করেই তার ছবি ব্যবহার করে সংবাদ ও ভিডিও প্রকাশ করা হয়েছে, যার ফলে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি সংশ্লিষ্ট সকল গণমাধ্যমের প্রতি বিষয়টি পুনরায় যাচাই করে তার ছবি অপসারণ, প্রয়োজনীয় সংশোধনী প্রকাশ এবং ভবিষ্যতে সংবাদ প্রকাশের আগে তথ্য ও পরিচয় যাচাইয়ের সাংবাদিকতাগত নীতি অনুসরণের আহ্বান জানান।
একই সঙ্গে তিনি জানান, প্রয়োজনে নিজের পরিচয়, মোবাইল নম্বর এবং উক্ত ঘটনার সঙ্গে অসংশ্লিষ্টতার বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন করতে তিনি প্রস্তুত রয়েছেন।
এছাড়া তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে না পৌঁছে প্রকৃত তথ্য যাচাই করে মতামত প্রদান করা উচিত।