পটুয়াখালী-কুয়াকাটা ৭১ কিলোমিটার মহাসড়কের ১৯ কিলোমিটার অংশ সংস্কারের মাত্র ১৫ দিনের মাথায় বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের ও দায়সারা কাজের কারণেই অল্প সময়ের মধ্যে সড়কের পিচ উঠে গিয়ে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তারা দ্রুত অনিয়মের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনরায় সংস্কারের দাবি জানিয়েছেন।
জানা গেছে, ২০০০ সালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ পটুয়াখালী-কুয়াকাটা ৭১ কিলোমিটার মহাসড়কটি নির্মাণ করে। অভিযোগ রয়েছে, নির্মাণকাজে অনিয়মের কারণে কয়েক বছরের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ দেখা দেয়। পরে ২০১৮ সালে সড়কের কিছু অংশ সংস্কার করা হয়। বর্তমানে এ মহাসড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৯১২টি বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। এছাড়া বিপুল সংখ্যক মাহেন্দ্র, ট্রলি, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাও এ সড়ক ব্যবহার করে।
সওজ সূত্রে জানা যায়, চলতি বছরের জুন মাসের শুরুতে পটুয়াখালী বাসস্ট্যান্ড থেকে মহিষকাটা স্ট্যান্ড পর্যন্ত ১৯ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ শুরু হয় এবং ৩০ জুন তা শেষ হয়। তবে কাজ শেষ হওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে শত শত খানাখন্দ তৈরি হয়েছে। বিশেষ করে শাখারিয়া থেকে মহিষকাটা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের অবস্থা সবচেয়ে নাজুক।