জুলাই গণঅভ্যুত্থানে জুলাইযোদ্ধা ময়মনসিংহের নান্দাইলের শহীদ জুবাইদ ইসলাম (১৫) পরিবারের হাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো উপহার বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে পৌছে দিলেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ সহ স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ। উপজেলার চামরুল্লাহ গ্রামে শহীদ জুবাইদ ইসলামের বাড়িতে গিয়ে তাঁর বাবা আব্দুল আজিজ কুসুমের হাতে প্রধানমন্ত্রীর এ উপহার তুলে দেন।
এ সময় তাঁরা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, সমবেদনা জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। সন্তান হারানোর বেদনা প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে আব্দুল আজিজ কুসুম বলেন, আমার পুত্রকে ঘটনার দিন ‘তিনটা গুলি মেরেছে। আমারে তো গুলির কাছে যাইতে দেয়নি তাকে মেরে অনেক দূরে নিয়ে ফেলে দেয়। এত মানুষের মাঝে আমার পুত্রকে এভাবে মেরে ফেলল।” তাঁর এ বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরাও আবেগআপ্লুত হয়ে পড়েন এবং তাঁকে সান্ত্বনা দেন। পরে ছাত্রদলের নেতারা শহীদ জুবাইদ ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসান আল আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এস মামুন ও বিপ্লব শিকদার, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, নান্দাইল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, নান্দাইল উপজেলা ও পৌর ছাত্রদল সহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ময়মনসিংহের নান্দাইল উপজেলার চামরুল্লাহ গ্রামের বাসিন্দা মো. জুবাইদ ইসলাম পারিবারিক আর্থিক সংকটের কারণে অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে জীবিকার তাগিদে লালমনিরহাটে একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন। ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন।