বরগুনার বেতাগীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে খোকন খলিফা নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছে তার আপন ভাই শাহীন খলিফা। মূল আসামী শাহীনসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
বরিবার (১৬ আগষ্ট) সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের হোসনাবাদ গ্রামে। গুরুতর আহত খোকন খলিফাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহীন খলিফা ধারালো অস্ত্র দিয়ে তার ভাই খোকন খলিফা পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠান। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মূল আসামী শাহীন ও তার স্ত্রী সোনিয়া আক্তারকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. হারুন-অর-রশিদ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।