উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে জাতীয় পর্যায়ে সম্মাননা অর্জন করেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ঐতিহ্যবাহী পুরুড়া উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের তিন মেধাবী শিক্ষার্থীর উদ্ভাবিত প্রকল্প দেশের সেরা উদ্ভাবনগুলোর মধ্যে স্থান করে নিয়ে বিদ্যালয়ের জন্য বয়ে এনেছে বিরল গৌরব।
উপজেলা পর্যায়ের Start-Up, Innovation Idea and Science Project Showcasing Program-এ “উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী” সম্মাননা অর্জনের পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বিদ্যালয়ের তিন শিক্ষার্থী—আরিফা জান্নাত ভূঞা মীম, মাহবুবা জান্নাত ভূঞা রাকা এবং রামিসা নূর রুদুশি।
তাদের উদ্ভাবিত প্রকল্প “Ecohyacinth Biopolymer: Sustainable Plastic From Water Hyacinth” উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করে। পরবর্তীতে জাতীয় পর্যায়েও প্রকল্পটি প্রশংসিত হয় এবং সম্মাননা অর্জন করে।
এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে পুরুড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষে সম্মাননা গ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষক শহীদুল্লাহ ও আফসানা আক্তার।
শিক্ষার্থীদের এই অর্জনে বিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবনে আরও উৎসাহিত করবে এবং বিদ্যালয়ের সুনামকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
এদিকে, ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব পুরুড়া হাই স্কুল (ইউসেফস) এক অভিনন্দন বার্তায় শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকদের এই কৃতিত্বে গভীর গর্ব প্রকাশ করেছে। সংগঠনটির পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে।