আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অপমান, অপদস্ত ও সম্মানহানির অভিযোগ এবং বিভিন্ন সংবাদমাধ্যমে আপত্তিকর ও অপবাদমূলক মন্তব্যের প্রতিবাদে বরগুনার আমতলীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) বেলা ১১টায় আমতলী সদর হাসপাতাল চত্বরে উপজেলা ফারিয়া সমিতির উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানির দুই শতাধিক প্রতিনিধি অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা ফারিয়া সমিতির সভাপতি মো. তারিকুল ইসলাম সোহাগ।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ফারিয়ার উপদেষ্টা হাসনাত হোসেন, সাবেক সভাপতি আতিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক সামসুল হক সাইফুল, সাংগঠনিক সম্পাদক মহসিন উদ্দিন নবীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন, কার্যকরী সদস্য মো. সেলিম হোসেন ও মো. রুবেল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের বিভিন্নভাবে হয়রানি, অপমান ও ‘দালাল’ আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয় করা হচ্ছে। এতে তাদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং পরিবার-পরিজন নিয়ে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ একটি মহল তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে পেশাটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সম্মান ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।