কাতার বিশ্বকাপের পর থেকেই নিজেদের আধিপত্য ধরে রেখেছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টানা দুই ম্যাচ জিতে আগেই গ্রুপসেরা হয়ে নকআউট নিশ্চিত করেছিল আলবিসেলেস্তেরা। গ্রুপের শেষ ম্যাচটা ছিল পরীক্ষা-নিরীক্ষার।
কোচ লিওনেল স্ক্যালোনি শুরুর একাদশে ৯টি পরিবর্তন এনেছেন! তাতে জর্ডানের বিপক্ষে কোনওভাবেই চাপের মুখে পড়তে হয়নি তাদের। শিরোপাধারী আর্জেন্টিনা সহজ জয় দিয়েই বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে। বাংলাদেশ সময় রোববার (২৮ জুন) সকালে ডালাস স্টেডিয়ামে জর্ডানকে ৩–১ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল।
এদিন ম্যাচের ৭ মিনিটে অফসাইডের কারণে গোল বাতিল হওয়া জিওভানি লো সেলসো ১৯ মিনিটে আক্ষেপ ঘুচিয়েছেন। আবু তাহার চ্যালেঞ্জে ফ্রি-কিক আদায় করে প্রায় ২০ গজ দূর থেকে নেয়া দুর্দান্ত শটে জর্ডানের গোলরক্ষক আবুলাইলাকে পরাস্ত করেন তিনি। এর মধ্য দিয়ে চলতি টুর্নামেন্টে লিওনেল মেসির বাইরে আর্জেন্টিনার হয়ে গোল করা প্রথম ফুটবলারও হয়েছেন লো সেলসো।
হাইড্রেশন বিরতির সময় নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টা করেছিল জর্ডান। তবে বিরতির কিছুক্ষণ পরই আবারও ধাক্কা খায় তারা। বল ক্লিয়ার করতে গিয়ে হাদ্দাদের পায়ের আঘাত লাগে হুলিয়ান আলভারেসের মুখে। সে ফাউল থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে ৩১ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন লাউতারো মার্তিনেজ।
প্রথমার্ধে জর্ডান মাত্র দুটি শট নিতে পেরেছে, যার একটি প্রতিহত হয়েছে এবং কোনোটি-ই লক্ষ্যে ছিল না।
বিরতির পর ৪৮ মিনিটে আবারও হতাশ হন লো সেলসো। জাল কাঁপালেও অফসাইডের ফাঁদে পড়ে তা। তবে কিছুক্ষণ পর দারুণভাবে ঘুড়ে দাঁড়ানোর ইঙ্গিত দেয় জর্ডান। ৫৫ মিনিটে জর্ডান দারুণভাবে একটি গোল শোধ করে তারা। হাদ্দাদের অ্যাসিস্ট থেকে গোলটি করেছেন আল তামারি।
এ অর্ধে কোচ সেল্লামির বদলগুলো জর্ডানের খেলায় ইতিবাচক প্রভাব ফেলে। আল মার্দি, হাদ্দাদ ও আল তামারির দারুণ সমন্বয়ে ম্যাচে ফিরে আসে তারা। তবে প্রত্যাবর্তনের আশা শেষ করে দেন ৬০ মিনিটে বদলি হয়ে মাঠে নামা মেসি। ৮০ মিনিটে তার ট্রেডমার্ক ফ্রি-কিক নিচের কর্নারে জড়িয়ে যায়। বলের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না গোলরক্ষক আবুলাইলার। তাতে এখানেই শেষ হয়েছে বিশ্বকাপে জর্ডানের প্রথম যাত্রা। এটি ছিল টুর্নামেন্টে মেসি ষষ্ঠ গোল। তাতে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড়ও হয়ে যান তিনি। যা বিশ্বরেকর্ড।