বাগেরহাটের মোরেলগঞ্জে একটি নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমান (৩৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নয়ন নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল (ডিগ্রি) মাদরাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান শ্রমিক আতিয়ার রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাদরাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল নির্মাণকাজ চলাকালে হঠাৎ ধসে পড়ে। এ সময় সেখানে কর্মরত শ্রমিক আতিয়ার রহমান ও নয়ন দেয়ালের নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। পরে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আতিয়ার রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত শ্রমিক নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আতিয়ার রহমান যশোর সদর উপজেলার আগরাইল গ্রামের বদরুল আলমের ছেলে।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. গোলাম ফারুক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর আতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, দুর্ঘটনার সময় টানা বৃষ্টির কারণে নির্মাণস্থলে কাদা জমে ছিল এবং শ্রমিকদের কারও মাথায় সেফটি হেলমেট, পায়ে সেফটি বুট কিংবা প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE) ছিল না।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের পাশাপাশি বৃষ্টির কারণে কাদামাটির অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় সেফটি ট্যাংকির দেয়াল ধসে পড়তে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে তারা মনে করছেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।