বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে ইউনিব্লক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অভিযোগ অস্বীকার অবসরপ্রাপ্ত শিক্ষকের খাসজমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত, প্রতিবাদে মানববন্ধন নান্দাইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ আপনারা পুলিশ না সাংবাদিক, গ্রেপ্তারের আগে নাহিদের প্রশ্ন ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুল হক ফরাজী নিখোঁজের দাবি দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানকে নাশকতা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আলোচনা সভা শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব এক রাতে রাজধানীতে পাঁচ বাসে আগুন, ছয় জায়গায় ককটেল বিস্ফোরণ

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুল হক ফরাজী নিখোঁজের দাবি

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

ঢাকা থেকে নিজ বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে ফেরার পথে গোপালগঞ্জ এলাকায় বাগেরহাট জেলা বিএনপির নেতা মনিরুল হক ফরাজীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে দাবি করেছেন তাঁর স্বজন ও স্থানীয় দলীয় নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় তাঁর ব্যবহৃত গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, বুধবার রাতে ঢাকা থেকে মোরেলগঞ্জের উদ্দেশে রওনা হন মনিরুল হক ফরাজী। পথিমধ্যে গোপালগঞ্জ এলাকায় পৌঁছানোর পর থেকে তাঁর সঙ্গে পরিবারের সদস্য ও পরিচিতজনদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন ও গাড়িচালকের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্বজনরা।

এদিকে, তাঁর ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করা হয়েছে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। তবে তিনি বর্তমানে কোথায় আছেন এবং কী অবস্থায় রয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করছেন স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। মনিরুল হক ফরাজীর স্ত্রী ও সন্তানেরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কারাভোগ করেছিলেন মনিরুল হক ফরাজী। তাঁকে খুঁজে বের করতে দলীয়ভাবে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাঁর পরিবারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে গোপালগঞ্জ ও আশপাশের এলাকায় সহিংসতার বিভিন্ন ঘটনা ঘটছে বলে জানা গেছে। এর মধ্যে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা এবং একাধিক বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। এসব ঘটনার মধ্যেই বিএনপি নেতা মনিরুল হক ফরাজীর নিখোঁজের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় নেতাকর্মী ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

তাঁর সন্ধান ও বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য জানতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যের অপেক্ষায় রয়েছেন স্বজন ও দলীয় নেতাকর্মীরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..