সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

পহেলা বৈশাখে যান চলাচলে বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এদিন নগরীর বিভিন্ন সড়কের ১৪টি পয়েন্টে ডাইভারশন থাকবে। তাই বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, ১৪ এপ্রিল ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রমনা পার্ক, রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়–সংলগ্ন এলাকায় সড়ক বন্ধ বা ডাইভারশন থাকবে।

ডাইভারশন পয়েন্টগুলো হলো—বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, পুলিশ ভবন, সুগন্ধা, কাকরাইল চার্চ, কদম ফোয়ারা, হাইকোর্ট (পশ্চিম), শহীদুল্লাহ হল, রোমানা, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার, জগন্নাথ হল, ভাস্কর্য, নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিং।

মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহন বাংলামোটর থেকে বামে ঘুরে মগবাজার হয়ে চলাচল করবে। বিকল্পভাবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে মিন্টো রোড ব্যবহার করা যাবে।

গোলাপশাহ মাজার ও হাইকোর্ট এলাকা থেকে শাহবাগগামী যানবাহন কদম ফোয়ারা-ইউবিএল-নাইটিংগেল হয়ে চলবে। সায়েন্সল্যাব থেকে শাহবাগমুখী যানবাহন আজিমপুর-চাঁনখারপুল-বকশীবাজার হয়ে যেতে পারবে। বিকল্পভাবে বাটা সিগন্যাল-কাঁটাবন-হাতিরপুল-নীলক্ষেত-পলাশী সড়ক ব্যবহার করা যাবে।

পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানগুলো হলো—নেভী গ্যাপ থেকে হলিফ্যামিলি হাসপাতাল পর্যন্ত, মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা ও শিল্পকলা একাডেমি গলি (শুধু আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি), কাঁটাবন থেকে পলাশী পর্যন্ত এবং আ. গণি রোড ও সচিবালয় লিংক রোড।

নিরাপত্তা ও সেবায় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স মেডিক্যাল টিম, নৌ-পুলিশের ডুবুরি দল ও সিটি কর্পোরেশনের মোবাইল টয়লেট থাকবে। পর্যটকদের সহায়তায় টুরিস্ট পুলিশ সেবা কেন্দ্র স্থাপন করা হবে।

যেকোনো সন্দেহজনক বা অপ্রীতিকর পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা ডিএমপি কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছে পুলিশ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..