প্রচণ্ড গরম ও তীব্র তাপদাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখন পথচারী, ভ্যানচালক ও শ্রমজীবী মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মোরেলগঞ্জ পৌর শাখা।
শনিবার (৬ জুন) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নব্বই রশি বাসস্ট্যান্ড এলাকায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষের হাতে ঠান্ডা শরবত তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মোরেলগঞ্জ পৌর শাখার সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সেক্রেটারি রাহাতুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফাহাদ, আরিফ হাওলাদার, মো. সায়েমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
ছাত্রশিবির নেতারা বলেন, চলমান তীব্র তাপদাহে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে মানবিক উদ্যোগ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমাজের অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা ছাত্রশিবিরের অন্যতম লক্ষ্য বলেও তারা উল্লেখ করেন।
কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্রশিবিরের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মানবসেবামূলক ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।