বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর একটি শাখা খালে কয়লা ধুতে গিয়ে আউয়াল মাঝি (৫০) নামে এক দিনমজুর শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌর শহরের কর্মকারপট্টি সড়কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আউয়াল মাঝি উপজেলার বারইখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের মৃত ছত্তার মাঝির ছেলে। তিনি কর্মকারপট্টি এলাকার বুলু কর্মকারের দোকানে দিনমজুর হিসেবে কাজ করতেন। তার স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আউয়াল দোকানে কাজে আসেন। পরে দোকানমালিক বুলু কর্মকার দুপুরের খাবার খেতে বাড়িতে যাওয়ার সময় তাকে বাড়িতে গিয়ে খেয়ে বিকেলে কাজে ফিরতে বলেন। তবে আউয়াল বাড়িতে না গিয়ে দোকানের পাশের পানগুছি নদীর শাখা খালে কয়লা ধুতে নামেন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
বিকেল ৫টার দিকে দোকানমালিক ফিরে আউয়ালকে না পেয়ে তার বাড়িতে খোঁজ নেন। সেখানে গিয়ে জানতে পারেন, তিনি বাড়িতেও যাননি। পরে দোকানের পেছনের খালে গিয়ে আউয়ালের পরিহিত শার্ট, লুঙ্গি ও একজোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন।
খবর পেয়ে রাত ৮টার দিকে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দেন।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ও অভিযান ইউনিটের প্রধান জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। পরে খুলনা থেকে একটি দক্ষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
নিখোঁজ আউয়ালের স্ত্রী ময়না বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দুপুরে উস্তা ও মালঞ্চা বাজারে দিয়ে এসে আমার স্বামী আর বাড়ি ফেরেনি। দুপুরের খাবারও খায়নি। শুধু উস্তা রান্না করে রেখেছি, আমাদের দুপুরের খাবারও জোটেনি। এখন আমার স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছি না।”
স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, “দিনমজুর শ্রমিক আউয়াল মাঝি নদীতে পড়ে নিখোঁজ হওয়ার বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খালে কয়লা ধুতে গিয়ে সম্ভবত তিনি পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের টিম তার সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছে।”
রাত সাড়ে ৯টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা নিখোঁজ শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছিলেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।