বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সেনা কর্মকর্তা এনামুল হক সালাম হাওলাদার জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় মোকামিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন। যোগদানের পর বেতাগীর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।
যোগদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা জামায়াতের আমির সাইদুল ইসলাম সোহরাব, সাধারণ সম্পাদক প্রভাষক শাহাদাত হোসেন, নায়েবে আমির রফিকুল ইসলাম বিশ্বাস, মোকামিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নাসির উদ্দিন, সেক্রেটারি শামীম হোসেনসহ স্থানীয় জামায়াতে নেতা-কর্মীরা।
যোগদান অনুষ্ঠানে এনামুল হক বলেন, জামায়াতের নীতি-নৈতিকতা, আদর্শ এবং দলটির আমির শফিকুর রহমানের রাজনৈতিক আদর্শ তাকে আকৃষ্ট করেছে। পাশাপাশি বরগুনার দুই আসনের সংসদ প্রার্থী সুলতান আহমেদের নীতি-নৈতিকতাও তার পছন্দ বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন বলেন, এনামুল হক সালাম হাওলাদার একজন ধর্মপ্রাণ ও দেশপ্রেমিক মানুষ। তার স্ত্রী জামায়াতের রোকন এবং মোকামিয়া ইউনিয়ন জামায়াতের সভানেত্রী বলে জানান তিনি।
শাহাদাত হোসেন আরও বলেন, সালাম হাওলাদারের জামায়াতে যোগদানের মধ্য দিয়ে মোকামিয়া ইউনিয়নকে ন্যায়ভিত্তিক ও হিংসামুক্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় রয়েছে তাদের।