মিস ইউনিভার্সের মঞ্চে শুধু সৌন্দর্য নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়া ১১৬ জন প্রতিযোগীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যায় সবার ওপরে রয়েছেন তিনি। সবচেয়ে অবাক করা বিষয়, মাহির মোট ফলোয়ারের সংখ্যা এত বেশি যে, মিস ইউনিভার্সে অংশ নেওয়া ৭০টি দেশ ও অঞ্চলের প্রত্যেকটির জনসংখ্যাই তাঁর অনুসারীর চেয়ে কম!
ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হচ্ছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীরা অংশ নিয়েছেন। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি।
২১ নভেম্বর পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটিক মিলিয়ে মাহির চারটি অ্যাকাউন্টে মোট অনুসারীর সংখ্যা ১ কোটি ৪৮ লাখ ৩৪ হাজারের বেশি। এই হিসাবেই প্রতিযোগিতার অন্য সব প্রতিযোগীকে পেছনে ফেলেছেন তিনি।
অনুসারীর সংখ্যায় মাহির নিকটতম প্রতিদ্বন্দ্বী কিউবার প্রতিনিধি মিয়া ডিও। ইনস্টাগ্রাম ও টিকটিক মিলিয়ে তাঁর অনুসারী প্রায় ৬৪ লাখ। অন্যদিকে, তৃতীয় অবস্থানে থাকা স্পেনের প্রতিনিধি সুসানা লুসিয়া মেদিনার অনুসারী প্রায় ২৪ লাখ ৩৬ হাজার। অর্থাৎ দ্বিতীয় অবস্থানে থাকা প্রতিযোগীর তুলনায়ও মাহির অনুসারীর সংখ্যা দ্বিগুণের বেশি।
তবে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হলো, মাহির ফলোয়ারের সংখ্যা ৭০টি দেশ ও অঞ্চলের জনসংখ্যার চেয়েও বেশি। জাতিসংঘের ‘ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২৪’-এর ২০২৬ সালের জনসংখ্যার প্রক্ষেপণ অনুযায়ী, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, কিউবা, জ্যামাইকা ও নিউজিল্যান্ডের মতো দেশও রয়েছে এই তালিকায়।
এমনকি আফ্রিকার দেশ রুয়ান্ডার জনসংখ্যাকেও ছাড়িয়ে গেছে মাহির অনুসারীর সংখ্যা। ২০২৬ সালের ১ জানুয়ারির জন্য রুয়ান্ডার জনসংখ্যা প্রক্ষেপণ করা হয়েছিল প্রায় ১ কোটি ৪৭ লাখ ৩২ হাজার। বিপরীতে মাহির অনুসারী ১ কোটি ৪৮ লাখের বেশি।
অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ফলোয়ারের সংখ্যা মানেই স্বতন্ত্র মানুষের সংখ্যা নয়। একজন ব্যক্তি একাধিক প্ল্যাটফর্মে একই তারকাকে অনুসরণ করতে পারেন। তাই এই তুলনা মোট অনুসারীর সংখ্যার সঙ্গে দেশগুলোর জনসংখ্যার।
তবে জনপ্রিয়তার এই পরিসংখ্যান নিঃসন্দেহে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মাহিকে নতুন করে আলোচনায় এনেছে। এখন দেখার বিষয়, সামাজিক যোগাযোগমাধ্যমের এই জনপ্রিয়তা মিস ইউনিভার্সের মূল প্রতিযোগিতায় কতটা প্রভাব ফেলে।