মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
সাঈদ খোকন-------------------- ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানির সময় বেলা আড়াইটার দিকে সাঈদ খোকনকে আদালতের এজলাসে হাজির করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা রিমান্ড চাওয়ার কারণ তুলে ধরেন। রাষ্ট্রপক্ষও রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে। পরে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৭ নভেম্বর একই মামলায় সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে থাকা আবদুল মোতালিব গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

এ ঘটনায় ২৬ আগস্ট তাঁর বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এজাহারে সাঈদ খোকনকে ২৯ নম্বর আসামি করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..