বরগুনার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমতলী ও তালতলী থানায় বিভিন্ন মাদক মামলায় জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য আলামত ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা আলামতের মধ্যে রয়েছে গাঁজা, ইয়াবা, হেরোইন, চোলাই মদ ও অবৈধ কারেন্ট জাল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এসব আলামত ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, আমতলী ও তালতলী থানার বিভিন্ন মাদক মামলায় জব্দ করা মোট ১৪০টি জিআর মামলার আলামত ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ৪ কেজি ৯৫ গ্রাম গাঁজা, ৮৯৩টি ইয়াবা ট্যাবলেট, ২ পুরিয়া হেরোইন (৪ গ্রাম), ২০ লিটারের বেশি চোলাই মদ এবং অবৈধ কারেন্ট জাল রয়েছে।
আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরানের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, কোর্ট সিএসআই, কোর্ট ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাদকদ্রব্য ধ্বংসের সময় বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে মাদক সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত করতে শুধু মাদক বহনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না; তদন্তের মাধ্যমে মাদকের মূলহোতাদেরও আইনের আওতায় আনতে হবে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার আহ্বান জানান আদালতের এই বিচারক।
আদালত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মামলার বিচারিক কার্যক্রম ও আইনগত প্রক্রিয়া শেষে আদালতের আদেশ অনুযায়ী জব্দ করা এসব আলামত ধ্বংস করা হয়েছে।