শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তেজগাঁও সিএসডি থেকে ১৩৮ টন সরকারি চাল সরানোর অভিযোগে তোলপাড়! ১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার মিড ডে মিল পাবে ১ কোটি ৩১ লাখ শিক্ষার্থী: ডা. জুবাইদা রহমান শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী নতুন তিন সরকারি মেডিকেল কলেজে ১৫০ আসনে ভর্তির সুযোগ নভেম্বরের ২৫ দিনেই রেমিট্যান্স এলো ২৫৭ কোটি ডলার প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই মোরেলগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে জিউধরায় বিএনপির বিক্ষোভ নান্দাইলে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

তেজগাঁও সিএসডি থেকে ১৩৮ টন সরকারি চাল সরানোর অভিযোগে তোলপাড়!

বিশেষ প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
পাটুরিয়ায় ৬টি ট্রাক আটকের দাবি, সপ্তম ট্রাকের হদিস নেই; দায় অস্বীকার জেলা আনসার প্রশাসনিক কর্মকর্তার, ট্রাক আটকের তথ্য জানে না শিবালয় থানা পুলিশ

ঢাকার তেজগাঁও কেন্দ্রীয় খাদ্যগুদাম (সিএসডি) থেকে ঢাকা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নামে বরাদ্দ করা প্রায় ১৩৮.২২২ মেট্রিক টন সরকারি চালের গন্তব্য ও ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। নির্ধারিত রেশন স্টোরে চাল পৌঁছানোর পরিবর্তে অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মানিকগঞ্জের পাটুরিয়া টোল প্লাজা এলাকায় ছয়টি চালবোঝাই ট্রাক আটকের দাবি করেছেন স্থানীয় সূত্র। একই চালানের আরও একটি ট্রাকের হদিস পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।

তবে ট্রাক আটকের বিষয়ে শিবালয় থানা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করেছ। অন্যদিকে ঢাকা জেলা আনসার প্রশাসনিক কর্মকর্তা দাবি করেছেন, রেশন উত্তোলনের অনুমতিপত্র দেওয়া ছাড়া চাল উত্তোলন, বিতরণ কিংবা পরবর্তী ব্যবস্থাপনায় তাঁর সরাসরি কোনো দায়িত্ব নেই। তাঁর ভাষ্য, অব্যবহৃত চাল বিক্রির সিদ্ধান্ত সংশ্লিষ্ট জোনের দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে নেওয়া হয়ে থাকতে পারে।

দৈনিক সংবাদ বাংলাদেশের হাতে আসা সাতটি চালান রসিদ পর্যালোচনায় দেখা গেছে, ২৫ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অনুকূলে মোট ১৩৮.২২২ মেট্রিক টন চাল ছাড় করা হয়েছে। প্রতিটি চালানেই প্রাপক হিসেবে উল্লেখ রয়েছে—জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঢাকা।

সাত চালানে ১৩৮.২২২ টন চাল ছাড়:

চালান রসিদ অনুযায়ী, গুদাম নম্বর ১৫ থেকে ডিও নম্বর ০৬১০২৪৭-এর বিপরীতে ট্রাক নম্বর ১১-২২০৪-এ ২০ মেট্রিক টন চাল ছাড় করা হয়। গুদাম নম্বর ০১ থেকে ডিও নম্বর ০১১০২৪৭-এর বিপরীতে ট্রাক নম্বর ১১-২১০২-এ ৭০০ বস্তা বা ২১ মেট্রিক টন চাল এবং ডিও নম্বর ০৬১০২৪৮-এর বিপরীতে ট্রাক নম্বর ১১-৬০৯১-এ ২০.২২২ মেট্রিক টন চাল ছাড়ের তথ্য রয়েছে।

এ ছাড়া গুদাম নম্বর ০২ থেকে ট্রাক নম্বর ১১-২৪০৬-এ ২১ মেট্রিক টন, গুদাম নম্বর ১৩ থেকে ট্রাক নম্বর ১১-৫১১৫-এ ১৫ মেট্রিক টন, গুদাম নম্বর ১৪ থেকে ট্রাক নম্বর ১১-২৪০১-এ ২০ মেট্রিক টন এবং গুদাম নম্বর ৪ থেকে ট্রাক নম্বর ১১-২৭০১-এ ৭০০ বস্তা বা ২১ মেট্রিক টন চাল ছাড় করা হয়েছে।

সাতটি চালান রসিদেই তারিখ উল্লেখ রয়েছে ২৫ নভেম্বর ২০২৬। প্রতিটি রসিদে গ্রহণকারীর স্বাক্ষর হিসেবে ‘Rashid’ লেখা রয়েছে এবং তেজগাঁও সিএসডির সিল সংযুক্ত আছে।

আনসার সদস্যদের রেশনের চাল, পাটুরিয়ায় নেওয়ার কারণ কী?

নিয়ম অনুযায়ী, সরকারি বরাদ্দের চাল সংশ্লিষ্ট বাহিনীর নির্ধারিত রেশন ব্যবস্থাপনার আওতায় গ্রহণ ও বিতরণের কথা। কিন্তু অভিযোগ উঠেছে, চালবোঝাই ট্রাকগুলো নির্ধারিত গন্তব্যে না গিয়ে অন্য পথে নিয়ে যাওয়া হচ্ছিল।

স্থানীয় সূত্রের দাবি, তেজগাঁও সিএসডি থেকে চাল ছাড়ের সময় কুষ্টিয়ার নজরুল নামে এক ব্যক্তির নাম সামনে আসে। গুদামে উপস্থিত কয়েকজন বিষয়টি নিয়ে আপত্তি জানালে সেখানে উত্তেজনা ও বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি সামাল দিয়ে চালবোঝাই ট্রাকগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

সূত্রগুলোর আরও দাবি, প্রভাব খাটিয়ে এবং বিভিন্ন ব্যক্তিকে অর্থের বিনিময়ে কাজে লাগিয়ে চালের চালান সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল।

জেলা কমান্ড্যান্টকে ঘিরে প্রশ্ন, সংশ্লিষ্ট কর্মকর্তার দায় অস্বীকার:

চালান রসিদে প্রাপক হিসেবে ঢাকা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্টের নাম উল্লেখ রয়েছে। বর্তমানে এ পদে দায়িত্ব পালন করছেন মো. রাশেদুজ্জামান।

তাঁর ভূমিকা নিয়ে স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। একাধিক সূত্রের অভিযোগ, সরকারি চালের চালান অন্যত্র সরিয়ে নেওয়ার ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা থাকতে পারে। কয়েকটি সূত্র তাঁকে এ কার্যক্রমের সমন্বয়কারী হিসেবেও দাবি করেছে। তবে এসব অভিযোগের পক্ষে বক্তব্য দেওয়া ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।

তাঁর বক্তব্যের পরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে—ঢাকা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নামে ছাড় করা বিপুল পরিমাণ চাল কোথায় নেওয়া হচ্ছিল, নির্ধারিত রেশন স্টোরে তা পৌঁছেছে কি না এবং চালের প্রকৃত গ্রহণকারী কে?

সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য: উদ্বৃত্ত চাল বিক্রির সিদ্ধান্ত হয়ে থাকতে পারে:

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা আনসার প্রশাসনিক কর্মকর্তা বলেন, আটক চালগুলো ঢাকা মহানগর আনসারের সদস্যদের রেশনের অংশ। মহানগর আনসারের চারটি জোন রয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে একজন করে জোন কমান্ডার রয়েছেন। তাঁদের দেওয়া ক্ষমতাপত্রের ভিত্তিতেই রেশন উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।

তিনি বলেন, “আমি শুধু সংশ্লিষ্ট জোন কমান্ডারদের রেশন উত্তোলনের জন্য ক্ষমতাপত্র দিয়েছি। রেশন উত্তোলন, বিতরণ এবং পরবর্তী ব্যবস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট জোন কমান্ডারদের। এ ক্ষেত্রে আমার সরাসরি কোনো দায়িত্ব নেই।”

তিনি আরও জানান, আনসার সদস্যরা রেশনের সব চাল নিজেরা ব্যবহার করেন না। অব্যবহৃত বা উদ্বৃত্ত চাল বিক্রির জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে কমিটি গঠন করা হয়। এবার আগের ক্রেতার তুলনায় বেশি দর পাওয়ায় অন্য একটি পক্ষের কাছে চাল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তাঁর ভাষ্য, “আমি যতটুকু শুনেছি, উদ্বৃত্ত চাল অন্য একটি পার্টির কাছে বিক্রি করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আনসার মহানগর পূর্ব জোনের  জোন কমান্ডারের সঙ্গে কথা বলতে হবে। রেশন বিতরণ ও বিক্রিসংক্রান্ত বিষয়টি মূলত সংশ্লিষ্ট জোনের দায়িত্ব।”

এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য তিনি মহানগর আনসারের পূর্ব জোনের জোন কমান্ডার আনোয়ারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

তবে কর্মকর্তার এই বক্তব্যের পর নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে—১৩৮.২২২ মেট্রিক টন চালের কতটুকু প্রকৃতপক্ষে সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে, কতটুকু উদ্বৃত্ত ছিল, উদ্বৃত্ত চাল বিক্রির জন্য কোনো কমিটি গঠন করা হয়েছিল কি না এবং বিক্রির অনুমোদন ও অর্থ জমার প্রাতিষ্ঠানিক নথি কোথায়?

পাটুরিয়ায় ছয় ট্রাক আটকের দাবি, পুলিশের বক্তব্যে রহস্য:

ঘটনাটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মানিকগঞ্জের পাটুরিয়া টোল প্লাজা এলাকায় ছয়টি চালবোঝাই ট্রাক আটকের দাবি। স্থানীয় সূত্রের দাবি, এসব ট্রাক বর্তমানে শিবালয় থানা পুলিশের হেফাজতে রয়েছে। একই চালানের একটি ট্রাক সেখান থেকে পালিয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে পাটুরিয়া এলাকায় চালবোঝাই ট্রাক দেখা যাচ্ছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

তবে এ বিষয়ে শিবালয় থানা পুলিশের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে ডিউটি অফিসার জানান, ট্রাক আটকের বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবগত থাকতে পারেন।

পরে শিবালয় থানার ওসির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য না দিয়েই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন তবে একটি সুত্র দাবি করেছে ওসি চাল ভর্তি ট্রাজ জব্দ করেছে।

স্থানীয় সূত্রের দাবি এবং পুলিশের বক্তব্যের মধ্যে এই অসংগতি ঘটনাটিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। আদৌ ছয়টি ট্রাক আটক হয়েছিল কি না, হয়ে থাকলে কোন কর্তৃপক্ষ সেগুলো আটক করেছে এবং বর্তমানে ট্রাকগুলোর অবস্থান কোথায়—এসব বিষয় নিশ্চিত হওয়া জরুরি।

তদন্তে যেসব প্রশ্নের উত্তর প্রয়োজন:

দৈনিক সংবাদ বাংলাদেশের হাতে আসা চালান রসিদ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্যের ভিত্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে—

তেজগাঁও সিএসডি থেকে ছাড় করা সাতটি ট্রাকের মধ্যে কোন ছয়টি পাটুরিয়ায় আটকের দাবি করা হচ্ছে? সপ্তম ট্রাকটি কোথায়?

ঢাকা মহানগর আনসারের সংশ্লিষ্ট চারটি জোনের মধ্যে কোন জোনের অনুকূলে চালগুলো উত্তোলন করা হয়েছিল?

রেশন উত্তোলনের ক্ষমতাপত্র কাদের দেওয়া হয়েছিল এবং সেই ক্ষমতাপত্রের আওতায় কত পরিমাণ চাল উত্তোলনের অনুমোদন ছিল?

১৩৮.২২২ মেট্রিক টন চালের কতটুকু সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং কতটুকু উদ্বৃত্ত হিসেবে অবশিষ্ট ছিল?

উদ্বৃত্ত চাল বিক্রির জন্য কমিটি গঠন করা হয়ে থাকলে সেই কমিটির সিদ্ধান্ত, অনুমোদন, বিক্রয়মূল্য ও অর্থ জমার হিসাব কোথায়?

চালান রসিদে ‘Rashid’ নামে যে স্বাক্ষর রয়েছে, সেটি কার এবং প্রকৃত গ্রহণকারী কে?

এসব প্রশ্নের উত্তর পেতে তেজগাঁও সিএসডির ছাড়পত্র, সংশ্লিষ্ট জোনের ক্ষমতাপত্র, রেশন বিতরণ ও উদ্বৃত্ত চাল বিক্রির নথি, ট্রাকের গতিপথ এবং আনসার বাহিনীর স্টক রেজিস্টার যাচাই করা প্রয়োজন।

১৩৮ টনেরও বেশি সরকারি চালের এই চালান নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এখন জরুরি। উদ্বৃত্ত চাল বিক্রির দাবি সত্য হলেও সেই বিক্রির প্রক্রিয়া, অনুমোদন, মূল্য এবং অর্থের হিসাব স্বচ্ছ হওয়া প্রয়োজন। সরকারি বরাদ্দের চাল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বের অপব্যবহার হয়ে থাকলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।

এ বিষয়ে ঢাকা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান, মহানগর আনসারের সংশ্লিষ্ট জোন কমান্ডার, তেজগাঁও সিএসডি কর্তৃপক্ষ, খাদ্য অধিদপ্তর এবং শিবালয় থানা পুলিশের বক্তব্য ও নথিপত্র যাচাই করে অনুসন্ধান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের সংশ্লিস্টতা থাকলে তা অনুসন্ধান করে পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..