বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন আমদানি শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। অতিরিক্ত শিল্প সক্ষমতার অভিযোগে এ শুল্ক আরোপ করা হচ্ছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালিত তদন্তের ফলাফল শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর)।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় পরিচালিত এ তদন্তের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যে নতুন আমদানি শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে। এ পদক্ষেপ মূলত গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্টে বাতিল হওয়া বৈশ্বিক ‘লিবারেশন ডে’ শুল্কের স্থলাভিষিক্ত হবে।
তদন্তের আওতায় থাকা ১৬টি বাণিজ্য অংশীদার হলো বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বাড়ায় রয়টার্স/ইপসোসের জরিপে ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক বাতিলের পক্ষে মত দিলেও প্রশাসন দেশভেদে আলাদা শুল্কহার নির্ধারণের পথে এগোচ্ছে।
তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিক শুল্ক আরোপের সম্ভাবনা কম। পূর্বের বাণিজ্য চুক্তি অনুযায়ী ইইউ, জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্য ১৫ শতাংশ ও মালয়েশিয়ার জন্য ১৯ শতাংশ শুল্কের সর্বোচ্চ সীমা বজায় থাকতে পারে।
সাবেক বাণিজ্য কর্মকর্তাদের ধারণা, বিদ্যমান ১০ থেকে ১২.৫ শতাংশ শ্রমবিরোধী শুল্কের পাশাপাশি অতিরিক্ত সক্ষমতা থাকা দেশগুলোর ওপর নতুন করে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব করা হতে পারে। ট্রাম্প প্রশাসন চীনকেই অতিরিক্ত শিল্প সক্ষমতার প্রধান উৎস হিসেবে চিহ্নিত করেছে।
শুল্ক এড়াতে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায় চীনা বিনিয়োগকেও লক্ষ্যবস্তু করেছে ওয়াশিংটন। চলতি বছরে ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া বাণিজ্য বিরতি বাড়ানো হলে চীনা পণ্যে ২০ শতাংশ শুল্কসীমা বহাল থাকবে। অন্যথায় তা আরও বাড়তে পারে; পাশাপাশি উভয় পক্ষ ৩০ বিলিয়ন ডলারের অ-কৌশলগত আমদানির ওপর শুল্ক কমানোর বিষয়েও কাজ করছে।